ইতিহাসপথ বেয়ে অবশেষে এই শতাব্দীতে মানুষের কাজ আশায় আলোয় শুরু হয়েছিল বুঝি- শুভ্র কথা বলা হতেছিল;- রৌদ্রে জলে ভালোলেগেছিল শরীরকে- জীবনকে।
কিন্তু তবু সবি প্রিয় মানুষের হাতে অপ্রিয় প্রহার হয়ে মূল্যহীন মানুষের গায়ে আশ্চর্য মৃত্যুর মত মূল্য হয়- হিম হয়।
মানুষের সভ্যতার বয়ঃসন্ধি দোষ হয়তো কাটেনি আজো, তাই এরকমই হতে হবে আরো রাত্রি দিন;- নক্ষত্র সূর্যের সাথে সঞ্চালিত হয়ে তবু আলোকের পথে মৃত ম্যামথের কাছে কুহেলিত ঋণ শেষ ক’রে মানুষ সফল হতে পারে উৎসাহ সংকল্প প্রেমে মূল্যের অক্ষুন্ন সংস্কারে; আশা করা যাক।
সুধীরাও সেই কথা ভাবে, আপ্রাণ নির্দেশ দান করে। ইতিহাসে ঘুরপথ ভুল পথ গ্লানি হিংসা অন্ধকার ভয় আরো ঢের আছে, তবু মানুষকে সেতু থেকে সেতুলোক পার হতে হয়।