সর্বদাই অন্ধকারে মৃত্যু এক চিন্তার মতন; আমাদের এই শতাব্দীর সাধ, স্বপ্ন, কাজ, প্রাণ আচ্ছাদন ক’রে দিতে আসে। ভোরের নিশ্চিন্ত মন কেমন সাহসে অনায়াসে আলো হয়- সূর্য হয়- দেখ; নদী- মেঘ- দিগন্তের পাহাড়ের নীল বিচ্ছুরিত হয়ে ওঠে কেমন নিঃশব্দ অনাবিল। আমরা প্রেমের কথা- জ্ঞান মুক্তি প্রগতির দিন ঢের আগে শুরু ক’রে এখনো ব্রহ্মাণ্ড-অন্তর্লীন সুরের ভিতরে সুর-অগ্নি হতে গিয়ে বার বার অঙ্গারের অন্ধকারে সমাজ নিভিয়ে মানুষের ইতিহাস-ঊর্ণা হয়ে আছি।