এইখানে মাইল-মাইল ঘাস ও শালিখ রৌদ্র ছাড়া কিছু নেই। সূর্যালোকিত হ’য়ে শরীর ফসল ভালোবাসি আমারি ফসল সব- মীনকন্যা এসে ফলালেই বৃশ্চিক কর্কট তুলা মেষ সিংহ রাশি বলয়িত হ’য়ে উঠে আমাকে সূর্যের মতো ঘিরে নিরবধি কাল নীলাকাশ হ’য়ে মিশে গেছে আমার শরীরে। এই নদী নীড় নারী কেউ নয়; -মানুষের প্রাণের ভিতরে এ-পৃথিবী তবুও তো সব অধিক গভীরভাবে মানবজীবন ভালো হ’লে অধিক নিবিড়তরভাবে প্রকৃতিকে অনুভব করা যায়। কিছু নয়- অন্তহীন ময়দান অন্ধকার রাত্রি নক্ষত্র- তারপর কেউ তাকে না চাইতে নবীন করুণ রৌদ্রে ভোর;- অভাবে সমাজ নষ্ট না-হ’লে মানুষ এইসবে হ’য়ে যেতো এক তিল অধিক বিভোর।