সবাই নাচে ফূর্তি করে সবাই করে গান, একলা বসে হাঁড়িচাঁচার মুখটি কেন ম্লান ? দেখ্ছ নাকি আমার সাথে সবাই করে আড়ি- তাইত আমার মেজাজ খ্যাপা মুখটি এমন হাঁড়ি । তাও কি হয় ! ঐ যে মাঠে শালিখ পাখি ডাকে তার কাছে কৈ যাওনিকো ভাই শুধাওনিতো তাকে ! শালিখ পাখি বেজায় ঠ্যাঁটা চেঁচায় মিছিমিছি, হল্লা শুনে হাড় জ্বলে যায় কেবল কিচিমিচি । মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ তার কাছে কৈ বস্লে নাতো শুনলে না তার গান । দোয়েল পাখির ঘ্যান্ঘ্যানানি আর কি লাগে ভালো ? যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো । রূপ যদি চাও যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে ? মাছরাঙা ? তারেও কি আর পাখির মধ্যে ধরি রকম সকম সঙের মতন, দেমাক দেখে মরি । পায়রা ঘুঘু কোকিল চড়াই চন্দনা টুনটুনি কারে তোমার পছন্দ হয়, সেই কথাটি শুনি ! এই গুলো সব ছ্যাবলা পাখি নেহাৎ ছোট জাত- দেখলে আমি তফাৎ হাটি অমনি পঁচিশ হাত । এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে- সবার তুমি খুঁৎ পেয়েছ নিখুঁৎ কেবল নিজে ! মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা তাইতে তোমায় কেউ পোঁছে না তাইতে থাক একা ।