বসন্তে কুসুম-কুল যথা বনস্থলে, চেয়ে দেখ, তারাচয় ফুটিছে গগনে, মৃগাক্ষি !— সুহাস-মুখে সরসীর জলে, চন্দ্রিমা করিছে কেলি প্রেমানন্দ-মনে। কত যে কি কহিতেছে মধুর স্বননে পবন— বনের কবি, ফুল্ল ফুল-দলে, বুঝিতে কি পার, প্রিয়ে ? নারিবে কেমনে, প্ৰেম-ফুলেশ্বরী তুমি প্রমদা-মণ্ডলে? এ হৃদয়, দেখ, এবে ওই সরোবরে,— চন্দ্রিমার রূপে এতে তোমার মূরতি ! কাল বলি অবহেলা, প্রেয়সি, যে করে নিশায়, আমার মতে সে বড় দুৰ্ম্মতি। হেন সুবাসিত শ্বাস, হাস স্নিগ্ধ করে যার, সে কি কভু মন্দ, ওলো রসবতি?