অনেক রাত্রিদিন ক্ষয় ক’রে ফেলে এখন এসেছি এক উৎসের ভিতরে; মাঠের উপরে ক্রমে ছায়া নেমে আসে, দু-চারটে উঁচু গাছ রোদে খেলা করে। পৃথিবী রক্তপাত অশান্তি এখন; অর্থময়তা তবু পেতে পারে মন।
কেউ নেই – শুধু এই মননের সহায়তা আছে; যা-কিছু বুঝেছি অনেক দিন সে-সবের নীতি দু-চারটে বই ঠাণ্ডা সলতের আলো নক্ষত্র ও সূর্যে আধো উজ্জ্বল প্রকৃতি আছে তবে, পৃথিবীতে হৃদয় যা চেয়েছিলো তার শূন্যতাকে স্নিগ্ধ ক’রে রয়েছে যুক্তির অন্তঃসার।
শরীর নির্বল হ’য়ে যেতেছে কেবলি; ক্রমে আরো ক্ষমাহীন কঠিন সময় মনকে নিস্তার দিলে দিতে পেরে তবু শরীরকে ক’রে যাবে ক্ষয়; ক্ষয়িত এ-শরীরের সঙ্গে মিলন ভুলে মন হতে চায় সনাতন মন।