শত ধিক্ সে মনেরে, কাতর যে মনঃ পরের সুখেতে সদা এ ভব-ভবনে ! মোর মতে নর-কুলে কলঙ্ক সে জন পোড়ে আঁখি যার যেন বিষ-বরিষণে, বিকশে কুসুম যদি, গায় পিক-গণে বাসন্ত আমোদে পূরি ভাগ্যের কানন পরের! কি গুণ দেখে, কব তা কেমনে, প্রসাদ তোমার, রম, কর বিতরণ তুমি ? কিন্তু এ প্রসাদ, নমি যোড় করে মাগি রাঙা পায়ে, দেবি; দ্বেষের অনলে ( সে মহানরক ভবে!) সুখী দেখি পরে, দাসের পরাণ যেন কভু নাহি জ্বলে, যদিও না পাত তুমি তার ক্ষুদ্র ঘরে রত্ন-সিংহাসন, মা গো, কুভাগ্যের বলে!