যতোদিন পৃথিবীতে জীবন রয়েছে দুই চোখ মেলে রেখে স্থির মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পায়ে সত্য সেবা শান্তি যুক্তির
নির্দেশের পথ ধ’রে চ’লে হয়তো-বা ক্রমে আরো আলো পাওয়া যাবে বাহিরে- হৃদয়ে; মানব ক্ষয়িত হয় না জাতির ব্যক্তির ক্ষয়ে।
ইতিহাস ঢের প্রমাণ করেছে মানুষের নিরন্তর প্রয়াণের মানে হয়তো-বা অন্ধকার সময়ের থেকে বিশৃঙ্খল সমাজের পানে চ’লে যাওয়া; -গোলকধাঁধার ভুলের ভিতর থেকে আরো বেশি ভুলে; জীবনের কালোরঙা মানে কি ফুরুবে শুধু এই সময়ের সাগর ফুরুলে।
জেগে ওঠে তবুও মানুষ রাত্রিদিনের উদয়ে; চারিদিকে কলরোল করে পরিভাষা দেশের জাতির দ্ব্যর্থ পৃথিবীর তীরে; ফেণিল অস্ত্র পাবে আশা? যেতেছে নিঃশেষ হ’য়ে সব? কি তবে থাকবে? আধার ও মননের আজকের এই নিস্ফল রীতি মুছে ফেলে আবার সচেষ্ট হ’য়ে উঠবে প্রকৃতি?
ব্যর্থ উত্তরাধিকারে মাঝে- মাঝে তবু কোথাকার স্পষ্ট সূর্য-বিন্দু এসে পড়ে কিছু নেই উত্তেজিত হ’লে; কিছু নেই স্বার্থের ভিতরে; ধনের অদেয় কিছু নেই, সেই সবি জানে এ খন্ডিত রক্ত বণিক পৃথিবী; অন্ধকারে সবচেয়ে সে শরণ ভালো যে- প্রেম জ্ঞানের থেকে পেয়েছে গভীরভাবে আলো।