(১)

 

     কি কহিলি কহ, সই, শুনি লো আবার—
                      মধুর বচন!
সহসা হইনু কালা;            জুড়া এ প্রাণের জ্বালা,
     আর কি এ পোড়া প্রাণ পাবে সে রতন?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
     আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারমণ?

 

(২)

 

    কহ, সখি, ফুটিবে কি এ মরুভূমিতে
                    কুসুমকানন ?
জলহীনা স্রোতস্বতী,          হবে কি লো জলবতী,
   পয়ঃ সহ পয়োদে কি বহিবে পবন?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
   আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারঞ্জন?

 

(৩)

 

    হায় লো সয়েছি কত, শ্যামের বিহনে—
                    কতই যাতন।
যে জন অন্তরযামী          সেই জানে আর আমি,
   কত যে কেঁদেছি তার কে করে বর্ণন?
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
   আসিবে কি ব্রজে পুনঃ রাধিকামোহন।

 

(৪)

 

    কোথা রে গোকুল-ইন্দু,—বৃন্দাবন-সর—
                   কুমুদ-বাসন।
বিষাদ নিশ্বাস বায়,            ব্রজ, নাথ, উড়ে যায়,
    কে রাখিবে, তব রাজ, ব্রজের রাজন!
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
    আসিবে কি ব্রজে পুনঃ রাধিকাভূষণ!

 

(৫)

 

    শিখিনী ধরি, স্বজনি, গ্রাসে মহাফণী—
                    বিষের সদন!
বিরহ বিষের তাপে           শিখিনী আপনি কাঁপে,
   কুলবালা এ জ্বালায় ধরে কি জীবন!
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
   আসিবে কি ব্রজে পুনঃ রাধিকারতন!

 

(৬)

 

    এই দেখ্, ফুলমালা গাঁথিয়াছি আমি—
                    মধুর বচন।
দোলাইব শ্যামগলে,             বাঁধিব বঁধুরে ছলে—
   প্ৰেম-ফুল-ডোরে তাঁরে করিব বন্ধন!
হ্যাদে তোর পায় ধরি, কহ না লো সত্য করি,
   আসিবে কি ব্রজে পুনঃ রাধাবিনোদন।

 

(৭)

 

   কি কহিলি কহ, সই, শুনি লো আবার—
                   মধুর বচন।
সহসা হইনু কালা,             জুড়া এ প্রাণের জ্বালা
   আর কি এ পোড়া প্রাণ পাবে সে রতন!
মধু—যার মধুধ্বনি— কহে কেন কাঁদ, ধনি,
   ভুলিতে কি পারে তোমা শ্ৰীমধুসূদন?

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

6 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

7 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

7 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago