(১)

 

          কে তুমি, শ্যামেরে ডাক রাধা যথা ডাকে—
                    হাহাকার রবে?
কে তুমি, কোন্ যুবতী,       ডাক এ বিরলে, সতি,
          অনাথা রাধিকা যথা ডাকে গো মাধবে?
          অভয় হৃদয়ে তুমি কহ আসি মোরে—
          কে না বাঁধা এ জগতে শ্যাম-প্রেম-ডোরে।

 

(২)

 

          কুমুদিনী কায়, মনঃ সঁপে শশধরে—
                    ভুবনমোহন!
চকোরি শশীর পাশে,        আসে সদা সুধা আশে,
          নিশি হাসি বিহারয়ে লয়ে সে রতন;
          এ সকল দেখিয়া কি কোপে কুমুদিনী?
          স্বজনী উভয় তার—চকোরী, যামিনী!

 

(৩)

 

          বুঝিলাম এতক্ষণে কে তুমি ডাকিছ—
                    আকাশ-নন্দিনি—!
পৰ্ব্বত গহন বনে,                   বাস তব, বরাননে,
          সদা রঙ্গরসে তুমি রত, হে রঙ্গিণি!
          নিরাকারা ভারতি, কে না জানে তোমারে?
          এসেছ কি কাঁদিতে গো লইয়া রাধারে?

 

(৪)

 

          জানি আমি, হে স্বজনি, ভাল বাস তুমি,
                    মোর শ্যামধনে!
শুনি মুরারির বাঁশী,          গাইতে তুমি গো আসি,
          শিখিয়া শ্যামের গীত, মঞ্জু কুঞ্জবনে!
          রাধা রাধা বলি যবে ডাকিতেন হরি—
          রাধা রাধা বলি তুমি ডাকিতে, সুন্দরি!

 

(৫)

 

          যে ব্রজে শুনিতে আগে সঙ্গীতের ধ্বনি,
                    আকাশসম্ভবে,
ভূতলে, নন্দবন,                  আছিল যে বৃন্দাবন,
          সে ব্রজ পূরিছে আজি হাহাকার রবে!
          কত যে কাঁদে রাধিকা কি কব, স্বজনি,
          চক্রবাকী সে—এ তার বিরহ রজনী!

 

(৬)

 

          এস, সখি, তুমি আমি ডাকি দুই জনে
                    রাধা-বিনোদন;
যদি এ দাসীর রব,                  কুরব ভেবে মাধব
          না শুনেন, শুনিবেন তোমার বচন!
          কত শত বিহঙ্গিনী ডাকে ঋতুবরে—
          কোকিলা ডাকিলে তিনি আসেন সত্বরে!

 

(৭)

 

          না উত্তরি মোরে, রামা, যাহা আমি বলি,
                    তাই তুমি বল?
জানি পরিহাসে রত,              রঙ্গিণি, তুমি সতত,
          কিন্তু আজি উচিত কি তোমার এ ছল?
          মধু কহে, এই রীতি ধরে প্রতিধ্বনি,—
          কাঁদ, কাঁদে ; হাস, হাসে, মাধব-রমণি!

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

7 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

7 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

7 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago