ওগো মা,

           রাজার দুলাল যাবে আজি মোর

                     ঘরের সমুখপথে,

           আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে

                  রহিব বলো কী মতে।

           বলে দে আমায় কী করিব সাজ,

           কী ছাঁদে কবরী বেঁধে লব আজ,

           পরিব অঙ্গে কেমন ভঙ্গে

                  কোন্‌ বরনের বাস।

 

        মা গো,      কী হল তোমার, অবাক নয়নে

                         মুখপানে কেন চাস।

        আমি     দাঁড়াব যেথায় বাতায়নকোণে

                   সে চাবে না সেথা জানি তাহা মনে–

                   ফেলিতে নিমেষ দেখা হবে শেষ,

                         যাবে সে সুদূর পুরে,

        শুধু           সঙ্গের বাঁশি কোন্‌ মাঠ হতে

                         বাজিবে ব্যাকুল সুরে।

        তবু           রাজার দুলাল যাবে আজি মোর

                         ঘরের সমুখপথে,

        শুধু           সে নিমেষ লাগি না করিয়া বেশ

                         রহিব বলো কী মতে।

 

ওগো মা,

           রাজার দুলাল গেল চলি মোর

                   ঘরের সমুখপথে,

           প্রভাতের আলো ঝলিল তাহার

                   স্বর্ণশিখর রথে।

           ঘোমটা খসায়ে বাতায়নে থেকে

           নিমেষের লাগি নিয়েছি মা দেখে,

           ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার

                  পথের ধুলার ‘পরে।

 

        মা গো,      কী হল তোমার, অবাক নয়নে

                         চাহিস কিসের তরে!

        মোর      হার-ছেঁড়া মণি নেয় নি কুড়ায়ে,

                   রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে

                   চাকার চিহ্ন ঘরের সমুখে

                   পড়ে আছে শুধু আঁকা।

        আমি     কী দিলেম কারে জানে না সে কেউ–

                         ধুলায় রহিল ঢাকা।

 

        তবু           রাজার দুলাল গেল চলি মোর

                         ঘরের সমুখপথে–

        মোর      বক্ষের মণি না ফেলিয়া দিয়া

                         রহিব বলো কী মতে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago