একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নব ভুবনে

          মরি মরি অনঙ্গদেবতা।

কুসুমরথে মকরকেতু উড়িত মধু-পবনে

         পথিকবধূ চরণে প্রণতা।

ছড়াত পথে আঁচল হতে অশোক চাঁপা করবী

         মিলিয়া যত তরুণ তরুণী,

বকুলবনে পবন হত সুরার মতো সুরভি–

        পরান হত অরুণবরনী।

 

সন্ধ্যা হলে কুমারীদলে বিজন তব দেউলে

       জ্বালায়ে দিত প্রদীপ যতনে,

শূন্য হলে তোমার তৃণ বাছিয়া ফুলমুকুলে

        সায়ক তারা গড়িত গোপনে।

কিশোরকবি মুগ্ধছবি বসিয়া তব সোপানে

        বাজায়ে বীণা রচিত রাগিণী।

হরিণ-সাথে হরিণী আসি চাহিত দীন নয়ানে,

         বাঘের সাথে আসিত বাঘিনী।

 

হাসিয়া যবে তুলিতে ধনু প্রণয়ভীরু ষোড়শী

         চরণে ধরি করিত মিনতি।

পঞ্চশর গোপনে লয়ে কৌতূহলে উলসি

         পরখছলে খেলিত যুবতী।

শ্যামল তৃণশয়নতলে ছড়ায়ে মধুমাধুরী

        ঘুমাতে তুমি গভীর আলসে,

ভাঙাতে ঘুম লাজুক বধূ করিত কত চাতুরী–

         নূপুর দুটি বাজাত লালসে।

 

কাননপথে কলস লয়ে চলিত যবে নাগরী

         কুসুমশর মারিতে গোপনে,

যমুনাকূলে মনের ভুলে ভাসায়ে দিয়ে গাগরি

        রহিত চাহি আকুল নয়নে।

বাহিয়া তব কুসুমতরী সমুখে আসি হাসিতে,

         শরমে বালা উঠিত জাগিয়া–

শাসনতরে বাঁকায়ে ভুরু নামিয়া জলরাশিতে

        মারিত জল হাসিয়া রাগিয়া।

 

তেমনি আজো উদিছে বিধু, মাতিছে মধুযামিনী,

         মাধবীলতা মুদিছে মুকুলে–

বকুলতলে বাঁধিছে চুল একেলা বসি কামিনী

         মলয়ানীল-শিথিল-দুকূলে।

বিজন নদীপুলিনে আজো ডাকিছে চখা চখীরে,

         মাঝেতে বহে বিরহবাহিনী।

গোপনব্যথা-কাতরা বালা বিরলে ডাকি সখীরে

         কাঁদিয়া কহে করুণ কাহিনী।

 

এসো গো আজি অঙ্গ ধরি সঙ্গে করি সখারে,

         বন্যমালা জড়ায়ে অলকে–

এসো গোপনে মৃদুচরণে বাসরগৃহদুয়ারে

         স্তিমিতশিখা প্রদীপ-আলোকে।

এসো চতুর মধুর হাসি তড়িৎসম সহসা

         চকিত করো বধূরে হরষে–

নবীন করো মানবঘর, ধরণী করো বিবশা

        দেবতাপদ-সরস-পরশে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

2 days ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

2 days ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

1 week ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

1 week ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

1 week ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

1 week ago