ভাগ্যে আমি পথ হারালেম

   কাজের পথে।

নইলে অভাবিতের দেখা

  ঘটত না তো কোনোমতে।

এই কোণে মোর ছিল বাসা,

এইখানে মোর যাওয়া-আসা,

সূর্য উঠে অস্তে মিলায়

  এই রাঙা পর্বতে,

প্রতিদিনের ভার বহে যাই

  এই কাজেরই পথে।

 

জেনেছিলুম কিছুই আমার

  নাই অজানা।

যেখানে যা পাবার আছে

  জানি সবার ঠিক-ঠিকানা।

ফসল নিয়ে গেছি হাটে

ধেনুর পিছে গেছি মাঠে,

বর্ষা-নদী পার করেছি

  খেয়ার তরীখানা।

পথে পথে দিন গিয়েছে,

  সকল পথই জানা।

 

সেদিন আমি জেগেছিলেম

  দেখে কারে?

পসরা মোর পূর্ণ ছিল

  চলেছিলেম রাজার দ্বারে।

সেদিন সবাই ছিল কাজে

গোঠের মাঝে মাঠের মাঝে,

ধরা সেদিন ভরা ছিল

  পাকা ধানের ভারে।

ভোরের বেলা জেগেছিলেম

  দেখেছিলেম কারে।

 

সেদিন চলে যেতে যেতে

  চমক লাগে।

মনে হল বনের কোণে

  হাওয়াতে কার গন্ধ জাগে।

পথের বাঁকে বটের ছায়ে

  গেল কে যে চপল-পায়ে

চকিতে মোর নয়ন দুটি

  ভরিয়ে অরুণ-রাগে।

সেদিন চলে যেতে যেতে

  মনে হল কেমন লাগে।

 

এত দিনের পথ হারালেম

  এক নিমেষে;

জানি নে তো কোথায় এলেম

  একটু পথের বাইরে এসে।

দিনের পরে কেটেছে দিন

পথে পথে বিরামহীন।

জানি নে তো চলেছিলেম

  হেন অচিন দেশে।

চিরকালের জানাশোনা

  ঘুচল এক নিমেষে।

 

রইল পড়ে পসরা মোর

  পথের পাশে।

চারি দিকের আকাশ আজি

  দিক্‌-ভোলানো হাসি হাসে।

সকল-জানার বুকের মাঝে

দাঁড়িয়েছিল অজানা যে

তাই দেখে আজ বেলা গেল

  নয়ন ভ’রে আসে।

পসরা মোর পাসরিলাম

  রইল পথের পাশে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago