মেঘের পানে চেয়ে চেয়ে বুক ভিজালে চোখের জলে, ওই সুদূরের পথ বেয়ে কি দূরের পথিক গেছে চলে – আবার ফিরে আসবে বলে গো? স্বর শুনে কার চমকে ওঠ? আ-হা! ও লো ও যে বিহগ-বেহাগ নির্ঝরিণীর কল-কল।
ও নয় লো তার পায়ের ভাষা, আ-হা, শীতের শেষের ঝরা-পাতার বিদায় ধ্বনি ও, কোন কালোরে কোন ভালোরে বাসলে ভালো, আ-হা! খুঁজছ মেঘে পরদেশি কোন পলাতকার নয়ন-অমিয়? চুমছ কারে? ও নয় তোমার চির-চেনার চপল হাসির আলো-ছায়া, ও যে গুবাক-তরুর চিকন পাতায় বাদল-চাঁদের মেঘলা মায়া।
ওঠো পথিক-পূজারিনি উদাসিনী বালা! সে যে সবুজ-দেশের অবুঝ পাখি কখন এসে যাচবে বাঁধন, কে জানে ভাই, ঘরকে চলো। ও কী? চোখে নামল আবার বাদল-ছায়া ঢলঢল? চলো সখি ঘরকে চলো।