বয়েস- আড়াই কি দুই মনটি নির্মল জুই, হালকা যেন হাওয়া মেয়ে সে মুখ-চাওয়া মায়ের কাছে কাছে ছায়ার মত আছে জানে না মা বিনা কিছুই৷ আর সে দিদি চেনে তার দিদি সে সাথী খেলিবার, দুটিতে পিঠোপিঠি তবুও খিটিমিটি হয় না বেশী বেশী নাইক রেষারেষি কলহ নাইক নিতুই৷ জগৎ মানে যেন,−তার− মা, দিদি আপনি সে আর, এ ছাড়া কিছুই নেই চেনেনা কারুকেই, অকথা কুকথার ধারে না কোনো ধার শেখেনি আজও ‘তুই’ ‘মুই’৷ একদা হ’ল দুটি বোনে পুতুল নিয়ে কি কারণে ঝগড়া কাড়াকাড়ি, তখন দিয়ে আড়ি হারিয়া কাদোঁ-কাদোঁ হ’য়ে সে আধো আধো কহিল ‘ডিডি!টুমি-টুই!’