পসারিনী, ওগো পসারিনী,

কেটেছে সকালবেলা হাটে হাটে লয়ে বিকিকিনি।

        ঘরে ফিরিবার খনে

        কী জানি কী হল মনে,

                বসিলি গাছের ছায়াতলে–

        লাভের জমানো কড়ি

        ডালায় রহিল পড়ি,

                ভাবনা কোথায় ধেয়ে চলে।

 

      এই মাঠ, এই রাঙা ধূলি,

অঘ্রানের-রৌদ্র-লাগা চিক্কণ কাঁঠালপাতাগুলি

        শীতবাতাসের শ্বাসে

        এই শিহরন ঘাসে–

                কী কথা কহিল তোর কানে।

বহুদূর নদীজলে

           আলোকের রেখা ঝলে,

                   ধ্যানে তোর কোন্‌ মন্ত্র আনে।

 

      সৃষ্টির প্রথম স্মৃতি হতে

সহসা আদিম স্পন্দ সঞ্চরিল তোর রক্তস্রোতে।

           তাই এ তরুতে তৃণে

           প্রাণ আপনারে চিনে

                   হেমন্তের মধ্যাহ্নের বেলা–

           মৃত্তিকার খেলাঘরে

           কত যুগযুগান্তরে

                   হিরণে হরিতে তোর খেলা।

 

      নিরালা মাঠের মাঝে বসি

সাম্প্রতের আবরণ মন হতে গেল দ্রুত খসি।

           আলোকে আকাশে মিলে

           যে-নটন এ নিখিলে

                   দেখ তাই আঁখির সম্মুখে,

           বিরাট কালের মাঝে

           যে ওঙ্কারধ্বনি বাজে

                   গুঞ্জরি উঠিল তোর বুকে।

 

      যত ছিল ত্বরিত আহ্বান

পরিচিত সংসারের দিগন্তে হয়েছে অবসান।

           বেলা কত হল, তার

           বার্তা নাহি চারিধার,

                   না কোথাও কর্মের আভাস।

           শব্দহীনতার স্বরে

           খররৌদ্র ঝাঁ ঝাঁ করে,

                   শূন্যতার উঠে দীর্ঘশ্বাস।

 

      পসারিনী, ওগো পসারিনী,

ক্ষণকাল-তরে আজি ভুলে গেলি যত বিকিকিনি।

           কোথা হাট, কোথা ঘাট,

           কোথা ঘর, কোথা বাট,

                   মুখর দিনের কলকথা–

           অনন্তের বাণী আনে

           সর্বাঙ্গে সকল প্রাণে

                   বৈরাগ্যের স্তব্ধ ব্যাকুলতা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago