পশ্চিমের দিক্‌সীমায় দিনশেষের আলো

            পাঠালো বাণী সোনার রঙে লিখা–

“রাতের পথে পথিক তুমি, প্রদীপ তব জ্বালো

            প্রাণের শেষ শিখা।’

কাহার মুখে তাকাব আমি, আলোক কার ঘরে

            রয়েছে মোর তরে–

সঙ্গে যাবে যে আলোখানি পারের ঘাট-পানে,

এ ধরণীর বিদায়-বাণী কহিবে কানে কানে,

            মম ছায়ার সাথে

      আলাপ যার হবে নিভৃত রাতে।

ভাসিবে যবে খেয়ার তরী কেহ কি উপকূলে

      রচিবে ডালি নাগকেশর ফুলে,

তুলিয়া আনি চৈত্রশেষে কুঞ্জবন হতে

            ভাসায়ে দিবে স্রোতে?

আমার বাঁশি করিবে সারা যা ছিল গান তার,

            সে নীরবতা পূর্ণ হবে কিসে?

তারার মতো সুদূরে-যাওয়া দৃষ্টিখানি কার

            মিলিবে মোর নয়ন-অনিমিষে?

অনেক-কিছু হয়েছে জমা, অনেক হল খোঁজা,

            আশাতৃষার বোঝা

                      ধুলায় যাব ফেলে।

ধুলার দাবি নাইকো যাহে সে ধন যদি মেলে,

        সুখদুখের সব-শেষের কথা,

প্রাণের মণিখানির যেথা গোপন গভীরতা

      সেথায় যদি চরম দান থাকে,

            কে এনে দেবে তাকে?

যা পেয়েছিনু অসীম এই ভবে

      ফেলিয়া যেতে হবে–

আকাশ-ভরা রঙের লীলাখেলা,

       বাতাস-ভরা সুর,

পৃথিবী-ভরা কত না রূপ, কত রসের মেলা,

      হৃদয়-ভরা স্বপন-মায়াপুর,

      মূল্য শোধ করিতে পারে তার

            এমন উপহার

যাবার বেলা দিতে পারো তো দিয়ো

      যে আছ মোর প্রিয়।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago