মধু মাঝির ওই যে নৌকোখানা

বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে,

       কারো কোনো কাজে লাগছে না তো,

বোঝাই করা আছে কেবল পাটে।

  আমায় যদি দেয় তারা নৌকাটি

  আমি তবে একশোটা দাঁড় আঁটি,

  পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা —

মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে।

       আমি কেবল যাই একটিবার

       সাত সমুদ্র তেরো নদীর পার।

       তখন তুমি কেঁদো না মা, যেন

বসে বসে একলা ঘরের কোণে —

       আমি তো মা, যাচ্ছি নেকো চলে

রামের মতো চোদ্দ বছর বনে।

  আমি যাব রাজপুত্রু হয়ে

  নৌকো-ভরা সোনামানিক বয়ে,

  আশুকে আর শ্যামকে নেব সাথে,

আমরা শুধু যাব মা তিন জনে।

       আমি কেবল যাব একটিবার

       সাত সমুদ্র তেরো নদীর পার।

    ভোরের বেলা দেব নৌকো ছেড়ে,

   দেখতে দেখতে কোথায় যাব ভেসে।

       দুপুরবেলা তুমি পুকুর-ঘাটে,

আমরা তখন নতুন রাজার দেশে।

পেরিয়ে যাব তির্‌পুর্নির ঘাট,

পেরিয়ে যাব তেপান্তরের মাঠ,

ফিরে আসতে সন্ধে হয়ে যাবে,

          গল্প বলব তোমার কোলে এসে।

     আমি কেবল যাব একটিবার

     সাত সমুদ্র তেরো নদীর পার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

হাসি

স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে-বাইরে কোথাও অন্য লোক ছিল না, বেহারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না।…

1 week ago

সোনাকরা যাদুকর

রোহিণী রায় আমাদের গ্রামের জমিদার ছিলেন শুনেছিলাম।আমাদের পাড়ায় তাঁদের মস্ত দোতলা বাড়ি। তিন-চার শরিকে ভাগ…

1 week ago

রহস্য

আমার বন্ধুর মুখে শোনা এ গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসার। বেশ বুদ্ধিমান, বিশেষ…

1 week ago

রঙ্কিনীদেবীর খড়গ

জীবনে অনেক জিনিস ঘটে, যাহার কোনো যুক্তিসংগত কারণ খুঁজিয়া পাওয়া যায় না। তাহাকে আমরা অতিপ্রাকৃত…

1 week ago

মেডেল

কয়েক বছর পূর্বে এ-ঘটনা ঘটেছে, তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে;…

1 week ago

মেঘমল্লার

দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখবার জন্য অনেক মেয়ে-পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই…

4 weeks ago