এই বিদেশের রাস্তা দিয়ে ধুলোয় আকাশ ঢেকে

          গাড়ি আমার চলতেছিল হেঁকে।

হেনকালে নেবুর ডালে স্নিগ্ধ ছায়ায় উঠল কোকিল ডেকে

          পথকোণের ঘন বনের থেকে।

                   এই পাখিটির স্বরে

          চিরদিনের সুর যেন এই একটি দিনের ‘পরে

                   বিন্দু বিন্দু ঝরে

ছেলেবেলায় গঙ্গাতীরে আপন-মনে চেয়ে জলের পানে

    শুনেছিলেম পল্লীতলে, এই কোকিলের গানে

             অসীমকালের অনির্বচনীয়

প্রাণে আমার শুনিয়েছিল, “তুমি আমার প্রিয়।’

সেই ধ্বনিটি কানন ব্যেপে পল্লবে পল্লবে

             জলের কলরবে

ওপার-পানে মিলিয়ে যেত সুদূর নীলাকাশে।

             আজ এই পরবাসে

          সেই ধ্বনিটি ক্ষুব্ধ পথের পাশে

গোপন শাখার ফুলগুলিরে দিল আপন বাণী।

          বনচ্ছায়ার শীতল শান্তিখানি

প্রভাত-আলোর সঙ্গে করে নিবিড় কানাকানি

          ওই বাণীটির বিমল সুরে গভীর রমণীয়,–

              “তুমি আমার প্রিয়।’

              এরি পাশেই নিত্য হানাহানি;

                    প্রতারণার ছুরি

              পাঁজর কেটে করে চুরি

              সরল বিশ্বাস;

      কুটিল হাসি ঘটিয়ে তোলে জটিল সর্বনাশ।

নিরাশ দুঃখে চেয়ে দেখি পৃথ্বীব্যাপী মানববিভীষিকা

      জ্বালায় মানবলোকালয়ে প্রলয়বহ্নিশিখা,

              লোভের জালে বিশ্বজগৎ ঘেরে,

ভেবে না পাই কে বাঁচাবে আপন-হানা অন্ধ মানুষেরে।

হেনকালে স্নিগ্ধ ছায়ায় হঠাৎ কোকিল ডাকে

              ফুল্ল অশোকশাখে;

              পরশ করে প্রাণে

       যে শান্তিটি সব-প্রথমে, যে শান্তিটি সবার অবসানে,

যে শান্তিতে জানায় আমায় অসীম কালের অনির্বচনীয়–

                 “তুমি আমার প্রিয়।’

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

বিপিনের সংসার

প্রথম পরিচ্ছেদ১বিপিন সকালে উঠিয়া কলাই-চটা পেয়ালাটায় সবে এক পেয়ালা চা লইয়া বসিয়াছে, এমন সময়ে দেখা…

8 hours ago

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

3 days ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

3 days ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

3 days ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

1 week ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

1 week ago