চলে গেছে মোর বীণাপাণি

         কতদিন হল সে না জানি।

কী জানি কী অনাদরে    বিস্মৃত ধূলির ‘পরে

         ফেলে রেখে গেছে বীণাখানি।

 

ফুটেছে কুসুমরাজি–              নিখিল জগতে আজি

         আসিয়াছে গাহিবার দিন,

মুখরিত দশ দিক,                 অশ্রান্ত পাগল পিক,

         উচ্ছ্বসিত বসন্তবিপিন।

বাজিয়া উঠেছে ব্যথা,              প্রাণ-ভরা ব্যাকুলতা,

         মনে ভরি উঠে কত বাণী,

বসে আছি সারাদিন                গীতিহীন স্তুতিহীন–

         চলে গেছে মোর বীণাপাণি।

 

আর সে নবীন সুরে                বীণা উঠিবে না পুরে,

         বাজিবে না পুরানো রাগিণী;

যৌবনে যোগিনীমত,              লয়ে নিত্য মৌনব্রত

         তুই বীণা রবি উদাসিনী।

কে বসিবে এ আসনে              মানসকমলবনে,

         কার কোলে দিব তোরে আনি–

থাক্‌ পড়ে ওইখানে                চাহিয়া আকাশপানে–

         চলে গেছে মোর বীণাপাণি।

 

কখনো মনের ভুলে               যদি এরে লই তুলে

         বাজে বুকে বাজাইতে বীণা;

যদিও নিখিল ধরা                  বসন্তে সংগীত ভরা,

         তবু আজি গাহিতে পারি না।

কথা আজি কথাসার,              সুর তাহে নাহি আর,

         গাঁথা ছন্দ বৃথা বলে মানি–

অশ্রুজলে ভরা প্রাণ,              নাহি তাহে কলতান–

         চলে গেছে মোর বীণাপাণি।

 

ভাবিতাম সুরে বাঁধা               এ বীণা আমারি সাধা,

         এ আমার দেবতার বর;

এ আমারি প্রাণ হতে              মন্ত্রভরা সুধাস্রোতে

         পেয়েছে অক্ষয় গীতস্বর।

একদিন সন্ধ্যালোকে               অশ্রুজল ভরি চোখে

         বক্ষে এরে লইলাম টানি–

আর না বাজিতে চায়,             তখনি বুঝিনু হায়

         চলে গেছে মোর বীণাপাণি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

1 week ago

ছেলেধরা

সবাই মিলে বাসায় ফিরে এলাম।এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে। তার সঙ্গে নাহানপুর গ্রামের…

1 week ago

ছায়াছবি

এক বন্ধুর মুখে এ-গল্প শোনা।আমার বন্ধুটি অনেক দেশ বেড়িয়েছেন, লোক হিসেবে অমায়িক, রসিক ও শিক্ষিত।…

2 weeks ago

গঙ্গাধরের বিপদ

অনেকদিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলাপোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা…

2 weeks ago

খোলা দরজার ইতিহাস

সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড়ো গাল্পিক। বাইরে শ্রাবণ সন্ধ্যার ঘনায়মান মেঘজাল, মাঝে মাঝে জোনাকি…

2 weeks ago

খুঁটি দেবতা

ঘোষপাড়ার দোলের মেলায় যাইবার পথে গঙ্গার ধারে মঠটা পড়ে।মঠ বলিলে ভুল বলা হয়। ঠিক মঠ…

2 weeks ago