তুই কি ভাবিস, দিনরাত্তির

          খেলতে আমার মন?

কক্‌খনো তা সত্যি না, মা,–

          আমার কথা শোন্‌।

সেদিন ভোরে দেখি উঠে

বৃষ্টিবাদল গেছে ছুটে,

রোদ উঠেছে ঝিলমিলিয়ে–

          বাঁশের ডালে ডালে;

ছুটির দিনে কেমন সুরে

পুজোর সানাই বাজছে দূরে,

তিনটে শালিখ ঝগড়া করে

          রান্নাঘরের চালে;–

খেলনাগুলো সামনে মেলি’

কী যে খেলি, কী যে খেলি,

সেই কথাটাই সমস্তখন

          ভাবনু আপন মনে।

লাগল না ঠিক কোনো খেলাই,

কেটে গেল সারাবেলাই,

রেলিং ধরে রইনু বসে

          বারান্দাটার কোণে।

খেলা-ভোলার দিন, মা, আমার

          আসে মাঝে মাঝে।

সেদিন আমার মনের ভিতর

          কেমনতরো বাজে।

শীতের বেলায় দুই পহরে

দূরে কাদের ছাদের ‘পরে

ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয়

          বেগনি রঙের শাড়ি।

চেয়ে চেয়ে চুপ করে রই,

তেপান্তরের পার বুঝি ঐ,

মনে ভাবি ঐখানেতেই

          আছে রাজার বাড়ি।

থাকত যদি মেঘে-ওড়া

পক্ষিরাজের বাচ্ছা ঘোড়া

তক্‌খুনি যে যেতেম তারে

          লাগাম দিয়ে কষে।

যেতে যেতে নদীর তীরে

ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীরে

পথ শুধিয়ে নিতেম আমি

          গাছের তলায় বসে।

একেক দিন যে দেখেছি, তুই

          বাবার চিঠি হাতে

চুপ করে কী ভাবিস বসে

          ঠেস দিয়ে জানলাতে।

মনে হয় তোর মুখে চেয়ে

তুই যেন কোন্‌দেশের মেয়ে,

যেন আমার অনেক কালের

          অনেক দূরের মা।

কাছে গিয়ে হাতখানি ছুঁই

হারিয়ে-ফেলা মা যেন তুই,

মাঠ-পারে কোন্‌ বটের তলার

          বাঁশির সুরের মা।

খেলার কথা যায় যে ভেসে,

মনে ভাবি কোন্‌ কালে সে

কোন্‌ দেশে তোর বাড়ি ছিল

          কোন্‌ সাগরের কূলে।

ফিরে যেতে ইচ্ছে করে

অজানা সেই দ্বীপের ঘরে

তোমায় আমায় ভোরবেলাতে

          নৌকোতে পাল তুলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago