তুমি      অচিন মানুষ ছিলে গোপন আপন গহন-তলে,

                        কেন     এলে চেনার সাজে?

      তোমায়   সাঁজ-সকালে পথে ঘাটে দেখি কতই ছলে

                        আমার   প্রতিদিনের মাঝে।

      তোমায়   মিলিয়ে কবে নিলেন আপন আনাগোনার হাটে

                        নানান    পান্থদলের সাথে,

      তোমায়   কখনো বা দেখি আমার তপ্ত ধুলার বাটে

                        কভু      বাদল-ঝরা রাতে।

      তোমার   ছবি আঁকা পড়ল আমার মনের সীমানাতে

                        আমার   আপন ছন্দে ছাঁদা,

      আমার    সরু মোটা নানা তুলির নানান রেখাপাতে

                        তোমার  স্বরূপ পড়ল বাঁধা।

      তাই       আজি আমার ক্লান্ত নয়ন, মনের-চোখে-দেখা

                        হল       চোখের-দেখায় হারা।

      দোঁহার    পরিচয়ের তরীখানা বালুর চরে ঠেকা,

                        সে আর  পায় না স্রোতের ধারা।

      ও যে      অচিন মানুষ– মন উহারে জানতে যদি চাহ

                        জেনো    মায়ার রঙমহলে,

      প্রাণে      জাগুক্‌ তবে সেই মিলনের উৎসব-উৎসাহ

                        যাহে     বিরহদীপ জ্বলে।

      যখন      চোখের সামনে বসতে দেবে তখন সে আসনে

                        রেখো    ধ্যানের আসন পেতে,

      যখন      কইবে কথা সেই ভাষাতে তখন মনে মনে

                        দিয়ো     অশ্রুত সুর গেঁথে।

      তোমার   জানা ভুবনখানা হতে সুদূরে তার বাসা,

                        তোমার দিগন্তে তার খেলা।

      সেথায়    ধরা-ছোঁওয়ার-অতীত মেঘে নানা রঙের ভাষা,

                        সেথায়   আলো-ছায়ার মেলা।

      তোমার   প্রথম জাগরণের চোখে উষার শুকতারা

                        যদি       তাহার স্মৃতি আনে

      তবে       যেন সে পায় ভাবের মূর্তি রূপের-বাঁধন-হারা

                        তোমার  সুর-বাহারের গানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago