কালো অন্ধকারের তলায়

পাখির শেষ গান গিয়েছে ডুবে।

বাতাস থমথমে,

গাছের পাতা নড়ে না,

স্বচ্ছরাত্রের তারাগুলি

যেন নেমে আসছে

পুরাতন মহানিম গাছের

ঝিল্লি-ঝংকৃত স্তব্ধ রহস্যের কাছাকাছি।

এমন সময়ে হঠাৎ আবেগে

আমার হাত ধরলে চেপে;

বললে, “তোমাকে ভুলব না কোনোদিনই।”

দীপহীন বাতায়নে

আমার মূর্তি ছিল অস্পষ্ট,

সেই ছায়ার আবরণে

তোমার অন্তরতম আবেদনের

সংকোচ গিয়েছিল কেটে।

সেই মুহূর্তে তোমার প্রেমের অমরাবতী

ব্যাপ্ত হল অনন্ত স্মৃতির ভূমিকায়।

সেই মুহূর্তের আনন্দবেদনা

বেজে উঠল কালের বীণায়,

প্রসারিত হল আগামী জন্মজন্মান্তরে।

সেই মুহূর্তে আমার আমি

তোমার নিবিড় অনুভবের মধ্যে

পেল নিঃসীমতা।

তোমার কম্পিত কণ্ঠের বাণীটুকুতে

সার্থক হয়েছে আমার প্রাণের সাধনা,

সে পেয়েছে অমৃত।

তোমার সংসারে অসংখ্য যা-কিছু আছে

তার সবচেয়ে অত্যন্ত ক’রে আছি আমি,

অত্যন্ত বেঁচে।

এই নিমেষটুকুর বাইরে আর যা-কিছু

সে গৌণ।

এর বাইরে আছে মরণ,

একদিন রূপের আলো-জ্বালা রঙ্গমঞ্চ থেকে

সরে যাব নেপথ্যে।

প্রত্যক্ষ সুখদুঃখের জগতে

মূর্তিমান অসংখ্যতার কাছে

আমার স্মরণচ্ছায়া মানবে পরাভব।

তোমার দ্বারের কাছে আছে যে কৃষ্ণচূড়া

যার তলায় দুবেলা জল দাও আপন হাতে,

সেও প্রধান হয়ে উঠে’

তার ডালপালার বাইরে

সরিয়ে রাখবে আমাকে

বিশ্বের বিরাট অগোচরে।

তা হোক,

এও গৌণ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago