ARTPOET.IN

কল্পনা-মধুপ | kolpona madhup

Getting your Trinity Audio player ready...

প্রতিদিন প্রাতে শুধু গুন গুন গান,

লালসে-অলস-পাখা অলির মতন।

বিকল হৃদয় লয়ে পাগল পরান

কোথায় করিতে যায় মধু অন্বেষণ।

বেলা বহে যায় চলে–শ্রান্ত দিনমান,

তরুতলে ক্লান্ত ছায়া করিছে শয়ন,

মুরছিয়া পড়িতেছে বাঁশরির তান,

সেঁউতি শিথিলবৃন্ত মুদিছে নয়ন।

কুসুমদলের বেড়া, তারি মাঝে ছায়া,

সেথা বসে করি আমি কল্পমধু পান;

বিজনে সৌরভময়ী মধুময়ী মায়া,

তাহারি কুহকে আমি করি আত্মদান;

রেণুমাখা পাখা লয়ে ঘরে ফিরে আসি

আপন সৌরভে থাকি আপনি উদাসী॥

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top