“ওগো পথিক দিনের শেষে

যাত্রা তোমার সে কোন্‌ দেশে,

     এ পথ গেছে কোন্‌খানে?”

     “কে জানে ভাই, কে জানে।

চন্দ্রসূর্য-গ্রহতারার

আলোক দিয়ে প্রাচীর-ঘেরা

     আছে যে এক নিকুঞ্জবন নিভৃতে,

চরাচরের হিয়ার কাছে

তারি গোপন দুয়ার আছে

     সেইখানে ভাই, করব গমন নিশীথে।”

 

“ওগো পথিক, দিনের শেষে

চলেছ যে এমন বেশে

     কে  আছে বা সেইখানে?”

     “কে জানে ভাই, কে জানে।

বুকের কাছে প্রাণের সেতার

গুঞ্জরি নাম কহে যে তার,

     শুনেছিলাম জোৎস্নারাতের স্বপনে।

অপূর্ব তার চোখের চাওয়া,

অপূর্ব তার গায়ের হাওয়া,

     অপূর্ব তার আসা-যাওয়া গোপনে।”

 

“ওগো পথিক, দিনের শেষে

চলেছ যে এমন হেসে,

     কিসের বিলাস সেইখানে?”

     “কে জানে ভাই, কে জানে।

জগৎজোড়া সেই সে ঘরে

কেবল দুটি মানুষ ধরে

     আর সেখানে ঠাঁই নাহি তো কিছুরি;

সেথা মেঘের কোণে কোণে

কেবলি দেখি ক্ষণে ক্ষণে

     একটি নাচে আনন্দময় বিজুরি।”

 

“ওগো পথিক, দিনের শেষে

চলেছ যে,কেই বা এসে,

     পথ দেখাবে সেইখানে?”

     “কে জানে গো, কে জানে।

শুনেছি সেই একটি বাণী

পথ দেখাবার মন্ত্রখানি,

     লেখা আছে সকল আকাশ-মাঝে গো;

সে মন্ত্র এই প্রাণের পারে

অনাহত বীণার তারে

     গভীর সুরে বাজে সকাল-সাঁঝে গো।”

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago