হারাধন | haradhon Getting your Trinity Audio player ready... বিধি যেদিন ক্ষান্ত দিলেন সৃষ্টি করার কাজে সকল তারা উঠল ফুটে নীল আকাশের মাঝে। নবীন সৃষ্টি সামনে রেখে সুরসভার তলে ছায়াপথে দেবতা সবাই বসেন দলে দলে। গাহেন তাঁরা, ‘কী আনন্দ! এ কী পূর্ণ ছবি! এ কী মন্ত্র, এ কী ছন্দ, গ্রহ চন্দ্র রবি!’ হেনকালে সভায় কে গো হঠাৎ বলি উঠে, ‘জ্যোতির মালায় একটি তারা কোথায় গেছে টুটে!’ছিঁড়ে গেল বীণার তন্ত্রী, থেমে গেল গান, হারা তারা কোথায় গেল পড়িল সন্ধান। সবাই বলে, ‘সেই তারাতেই স্বর্গ হতে আলো– সেই তারাটাই সবার বড়ো, সবার চেয়ে ভালো।’ সেদিন হতে জগৎ আছে সেই তারাটির খোঁজে– তৃপ্তি নাহি দিনে, রাত্রে চক্ষু নাহি বোজে। সবাই বলে, ‘সকল চেয়ে তারেই পাওয়া চাই।’ সবাই বলে, ‘সে গিয়েছে ভুবন কানা তাই!’ শুধু গভীর রাত্রিবেলায় স্তব্ধ তারার দলে– ‘মিথ্যা খোঁজা, সবাই আছে’ নীরব হেসে বলে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 59