গভীর শীতের রাত এই সব,- তবু চারিদিকে যুবাদের হৃদয়ের জীবনের কথা মৃত্যুর উপর দিয়ে সাঁকোর মতন চেয়ে দেখে মরণের অপ্রমেয়তা সেতুর ছবির মত মিলে গিয়ে জলের ভিতরে জীবনের জয়- আর মরণের স্তব্ধতাকে অনুভব করে। অনুভব করে এই জীবনই মহৎ, মরণের চেয়ে বড় জীবনের সুর; যদিও অন্ন আজ ভূমি নয়- তবুও মৈত্রেয়ী অন্নলোভাতুর; হৃদয়বিহীনভাবে- দশ বিশ শত কোটি টন চলে আজ পঙ্গপাল,- নিজেকে উজাড় করে;- জেনে জীবন হতাশ নয় ব’লেই জীবন।