মানুষের জীবনের ঢের গল্প শেষ হ’য়ে গেলে র’য়ে যায় চারি দিক ঘিরে এই দেশ; নদী মাঠ পাখিদের ওড়াওড়ি গাছের শিয়রে কমলা রঙের ঢেউয়ে এসে কিছুক্ষণ খেলা করে।
মনে হয় কোথাও চিহ্নিত এই রৌদ্র ছিল কবে; মানুষ সার্থক ময়- তবু সার্থকতর হবে; মনে হত কাজ ক’রে কথা ব’লে গ্রন্থ মিলিয়ে, মননের তীর থেকে আরো দূরে তীরতটে গিয়ে।
সময় নিজেই তবু সব চেয়ে গভীর বিপ্লবী; ফুরিয়ে ফেলেছে সেই দিন রাত্রি সেরা সত্য-উদ্ঘাটন সবি; সেদিনের হৃদয়ের উষ্ণ উত্তেজিত স্থির ক’রে ফেলে অন্য নব কলেবরে গড়েছে শরীর।
বাহিরে ভিতরে লীন হয়ে থাকে মন, শান্ত- আরো শান্ত হয় অন্তঃকরণ; পুরোনো দিনের স্তম্ভ দু-চারটে পশ্চিমের আঁধারের কাছে; নব সূর্যে সম্মেলনে- যাত্রা যাত্রা যাত্রা যাত্রা আছে।