ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ- পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন ? দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু প্রাণটা করে ‘পালাই পালাই’ মনটা উড়ু উড়ু- পড়ার কথা খাতায়, পাতায়, মাথায় নাহি ঢোকে ! মন চলে না- মুখ চলে যায় আবোলতাবোল ব’কে ! কানটা ঘোরে কোন্ মুলুকে হুঁশ থাকে না তার, এ কান দিয়ে ঢুকলে কথা, ও কান দিয়ে পার । চোখ থাকে না আর কিছুতেই, কেবল দেখে ঘড়ি ; বোর্ডে আঁকা অঙ্ক ঠেকে আঁচড়কাটা খড়ি । কল্পনাটা স্বপ্নে চ’ড়ে ছুটছে মাঠে ঘাটে- আর কি রে মন বাঁধন মানে ? ফিরতে কি চায় পাঠে ? পড়ার চাপে ছট্ফটিয়ে আর কিরে দিন চলে ? ঝুপ্ ক’রে মন ঝাঁপ দিয়ে পড়্ ছুটির বন্যাজলে ।