এই যে কুসুম শিরোপরে, পরেছি যতনে, মম শ্যাম-চূড়া-রূপ ধরে এ ফুল রতনে! বসুধা নিজ কুন্তলে পরেছিল কুতূহলে এ উজ্জ্বল মণি, রাগে তারে গালি দিয়া, লয়েছি আমি কাড়িয়া— মোর কৃষ্ণ-চূড়া কেনে পরিবে ধরণী?
(২)
এই যে কম মুকুতাফল, এ ফুলের দলে,— হে সখি, এ মোর আঁখিজল, শিশিরের ছলে! লয়ে কৃষ্ণচূড়ামণি, কাঁদিনু আমি, স্বজনি, বসি একাকিনী, তিতিনু নয়ন-জলে; সেই জল এই দলে গলে পড়ে শোভিতেছে, দেখ্ লো কামিনি!