সে এক বিচ্ছিন্ন দিনে আমাদের জন্ম হয়েছিলো ততোধিক অসুস্থ সময়ে আমাদের মৃত্যু হয়ে যায়। দূরে কাছ শাদা উঁচু দেয়ালের ছায়া দেখে ভয়ে মনে করে গেছি তাকে- ভালোভাবে মনে ক’রে নিলে- এইখানে জ্ঞান হতে বেদনার সুরু- অথবা জ্ঞানের থেকে ছুটি নিয়ে সান্ত্বনার হিম হ্রদে একাকী লুকালে নির্জন স্ফটিকস্তম্ভ খুলে ফেলে মানুষের অভিভূত ঊরু ভেঙে যাবে কোনো এক রম্য যোদ্ধা এসে। নরকেও মৃত্যু নেই- প্রীতি নেই স্বর্গের ভিতরে; মর্ত্যে সেই স্বর্গ নরকের প্রতি সৎ অবিশ্বাস নিস্তেজ প্রতীতি নিয়ে মনীষীরা প্রচারিত করে।