আজ রাতে শেষ হ’য়ে গেল শীত- তারপর কে যে এলো মাঠে-মাঠে খড়ে হাঁস গাভী শাদা-প্লেট আকাশের নীল পথে যেন মৃদু মেঘের মতন, ধানের সোনার ছড়া নাই মাঠে- ইঁদুর তবুও আর যাবে নাকো ঘরে
তাহার রূপালি রোম একবার জ্যোৎস্নায় সচকিত ক’রে যায় মন, হৃদয়ে আস্বাদ এলো ফড়িঙের- কীটেরও যে- ঘাস থেকে ঘাসে-ঘাসে তাই নির্জন ব্যাঙের মুখে মাকড়ের জালে তারা বরং এ অধীর জীবন
ছেড়ে দেবে- তবু আজ জ্যোৎস্নায় সুখ ছাড়া সাধ ছাড়া আর কিছু নাই; আছে নাকি আর কিছু? পাতা খড়কুটো দিয়ে যে-আগুন জ্বেলেছে হৃদয় গভীর শীতের রাতে- ব্যথা কম পাবে ব’লে- সেই সমারোহ আর চাই?
জীবন একাকী আজো- ব্যথা আজো- এখন করি না তবু বিয়োগের ভয় এখন এসেছে প্রেম;- কার সাথে? কোন্ খানে? জানি নাকো;- তবু সে আমারে মাঠে-মাঠে নিয়ে যায়- তারপর পৃথিবীর ঘাস পাতা ডিম নীড়ঃ সে এক বিস্ময়