যদি      ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো, এসো মোর

                 হৃদয়নীরে।

     তলতল ছলছল     কাঁদিবে গভীর জল

            ওই দুটি সুকোমল চরণ ঘিরে।

     আজি বর্ষা গাঢ়তম,     নিবিড়কুন্তলসম

            মেঘ নামিয়াছে মম দুইটি তীরে।

         ওই যে শবদ চিনি     নূপুর-রিনিকিঝিনি,

            কে গো তুমি একাকিনী আসিছ ধীরে।

যদি   ভরিয়া লইবে কুম্ভ, এসো ওগো, এসো মোর

                      হৃদয়নীরে।

যদি   কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাও

                      আপনা ভুলে–

      হেথা শ্যাম দূর্বাদল,     নবনীল নভস্তল,

              বিকশিত বনস্থল বিকচ ফুলে।

     দুটি কালো আঁখি দিয়া   মন যাবে বাহিরিয়া

            অঞ্চল খসিয়া গিয়া পড়িবে খুলে।

     চাহিয়া বঞ্জুলবনে           কী জানি পড়িবে মনে

            বসি কুঞ্জে তৃণাসনে শ্যামল কূলে!

যদি   কলস ভাসায়ে জলে বসিয়া থাকিতে চাও

                      আপনা ভুলে।

যদি   গাহন করিতে চাহ, এসো নেমে এসো হেথা

                      গহনতলে।

     নীলাম্বরে কিবা কাজ, তীরে ফেলে এসো আজ,

            ঢেকে দিবে সব লাজ সুনীল জলে।

     সোহাগ-তরঙ্গরাশি         অঙ্গখানি দিবে গ্রাসি,

            উচ্ছ্বসি পড়িবে আসি উরসে গলে–

     ঘুরে ফিরে চারি পাশে    কভু কাঁদে কভু হাসে,

            কুলুকুলু কলভাষে কত কী ছলে!

যদি   গাহন করিতে চাহ, এসো নেমে এসো হেথা

                      গহনতলে।

যদি   মরণ লভিতে চাও,     এসো তবে ঝাঁপ দাও

                      সলিলমাঝে।

          স্নিগ্ধ, শান্ত, সুগভীর,   নাহি তল, নাহি তীর,

              মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।

     নাহি রাত্রি দিনমান–      আদি অন্ত পরিমাণ,

              সে অতলে গীতগান কিছু না বাজে।

      যাও সব যাও ভুলে,     নিখিল বন্ধন খুলে

              ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।

যদি   মরণ লভিতে চাও,    এসো তবে ঝাঁপ দাও

                          সলিলমাঝে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago