নাম রেখেছি বাবলারানী,

            একরত্তি মেয়ে।

হাসিখুশি চাঁদের আলো

            মুখটি আছে ছেয়ে।

ফুট্‌ফুটে তার দাঁত কখানি,

            পুট্‌পুটে তার ঠোঁট।

মুখের মধ্যে কথাগুলি সব

            উলোটপালোট।

কচি কচি হাত দুখানি,

            কচি কচি মুঠি,

মুখ নেড়ে কেউ কথা ক’লে

            হেসেই কুটি-কুটি।

তাই তাই তাই তালি দিয়ে

            দুলে দুলে নড়ে,

চুলগুলি সব কালো কালো

            মুখে এসে পড়ে।

“চলি চলি পা পা’

            টলি টলি যায়,

গরবিনী হেসে হেসে

            আড়ে আড়ে চায়।

হাতটি তুলে চুড়ি দুগাছি

            দেখায় যাকে তাকে,

হাসির সঙ্গে নেচে নেচে

           নোলক দোলে নাকে।

রাঙা দুটি ঠোঁটের কাছে

           মুক্তো আছে ফ’লে,

মায়ের চুমোখানি-যেন

           মুক্তো হয়ে দোলে।

আকাশেতে চাঁদ দেখেছে,

           দু হাত তুলে চায়,

মায়ের কোলে দুলে দুলে

           ডাকে “আয় আয়’।

চাঁদের আঁখি জুড়িয়ে গেল

           তার মুখেতে চেয়ে,

চাঁদ ভাবে কোত্থেকে এল

           চাঁদের মতো মেয়ে।

কচি প্রাণের হাসিখানি

           চাঁদের পানে ছোটে,

চাঁদের মুখের হাসি আরো

           বেশি ফুঠে ওঠে।

এমন সাধের ডাক শুনে চাঁদ

           কেমন করে আছে —

তারাগুলি ফেলে বুঝি

           নেমে আসবে কাছে!

সুধামুখের হাসিখানি

           চুরি ক’রে নিয়ে

রাতারাতি পালিয়ে যাবে

           মেঘের আড়াল দিয়ে।

আমরা তারে রাখব ধরে

           রানীর পাশেতে।

হাসিরাশি বাঁধা রবে

 

         হাসিরাশিতে।
– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago