তোরা   কোথা হতে কেমনে এসে
             মণি-মালার মতো আমার কণ্ঠে জড়ালি।
আমার   পথিক-জীবন এমন করে
             ঘরের মায়ায় মুগ্ধ করে বাঁধন পরালি।

 

আমায়   বাঁধতে যারা এসেছিল গরব করে হেসে
তারা   হার মেনে হায় বিদায় নিল কেঁদে,
তোরা   কেমন করে ছোট্ট বুকের একটু ভালোবেসে
  ওই    কচি বাহুর রেশমি ডোরে ফেললি আমায় বেঁধে!
তোরা   চলতে গেলে পায়ে জড়াস,
        ‘না’ ‘না’ বলে ঘাড়টি নড়াস,
  কেন   ঘর-ছাড়াকে এমন করে  
        ঘরের ক্ষুধা স্নেহের সুধা মনে পড়ালি।

 

  ওরে   চোখে তোদের জল আসে না–
        চমকে ওঠে আকাশ তোদের
             চোখের মুখের চপল হাসিতে।
  ওই    হাসিই তো মোর ফাঁসি হল,
  ওকে   ছিঁড়তে গেলে বুকে লাগে,
             কাতর কাঁদন ছাপা যে ও হাসির রাশিতে!
  আমি   চাইলে বিদায় বলিস, ‘উঁহু,
                    ছাড়ব নাকো মোরা’
   ওই   একটু মুখের ছোট্ট মানাই এড়িয়ে যেতে নারি,
  কত    দেশ-বিদেশের কান্নাহাসির  
             বাঁধনছেঁড়ার দাগ যে বুকে পোরা,
তোরা    বসলি রে সেই বুক জুড়ে আজ,
         চিরজয়ীর রথটি নিলি কাড়ি।
  ওরে    দরদিরা! তোদের দরদ
         শীতের বুকে আনলে শরৎ,
তোরা    ঈষৎ-ছোঁয়ায় পাথরকে আজ  
              কাতর করে অশ্রুভরা ব্যথায় ভরালি।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

12 minutes ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

20 minutes ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

46 minutes ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago