দাঁড়িয়ে আছ আড়ালে,

           ঘরে আসবে কিনা ভাবছ সেই কথা।

                একবার একটু শুনেছি চুড়ির শব্দ।

       তোমার ফিকে পাটকিলে রঙের আঁচলের একটুখানি

                দেখা যায় উড়ছে বাতাসে

                          দরজার বাইরে।

                   তোমাকে দেখতে পাচ্ছি নে,

                       দেখছি পশ্চিম আকাশের রোদ্দুর

                   চুরি করেছে তোমার ছায়া,

              ফেলে রেখেছে আমার ঘরের মেঝের ‘পরে।

       দেখছি শাড়ির কালো পাড়ের নীচে থেকে

           তোমার কনক-গৌরবর্ণ পায়ের দ্বিধা

                          ঘরের চৌকাঠের উপর।

                     আজ ডাকব না তোমাকে।

                আজ ছড়িয়ে পড়েছে আমার হালকা চেতনা–

                   যেন কৃষ্ণপক্ষের গভীর আকাশে নীহারিকা,

                     যেন বর্ষণশেষে মিলিয়ে-আসা সাদা মেঘ

                             শরতের নীলিমায়।

       আমার ভালোবাসা

         যেন সেই আল-ভেঙে-যাওয়া খেতের মতো

           অনেক দিন হল চাষি যাকে

                ফেলে দিয়ে গেছে চলে;

              আনমনা আদিপ্রকৃতি

                তার উপরে বিছিয়েছে আপন স্বত্ব

                           নিজের অজানিতে।

                তাকে ছেয়ে উঠেছে ঘাস,

উঠেছে অনামা গাছের চারা

                     সে মিলে গেছে চার দিকের বনের সঙ্গে

                       সে যেন শেষরাত্রির শুকতারা,

                          প্রভাত-আলোয় ডুবিয়ে দিল

                            তার আপন আলোর ঘটখানি।

         আজ কোনো-সীমানা-দেওয়া নয় আমার মন,

                হয়তো তাই ভুল বুঝবে আমাকে।

              আগেকার চিহ্নগুলো সব গেছে মুছে,

         আমাকে এক করে নিতে পারবে না কোনোখানে

                          কোনো বাঁধনে বেঁধে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago