বিধি যেদিন ক্ষান্ত দিলেন

           সৃষ্টি করার কাজে

      সকল তারা উঠল ফুটে

           নীল আকাশের  মাঝে।

      নবীন সৃষ্টি সামনে রেখে

           সুরসভার তলে

      ছায়াপথে দেবতা সবাই

           বসেন দলে দলে।

      গাহেন তাঁরা, ‘কী আনন্দ!

           এ কী পূর্ণ ছবি!

      এ কী মন্ত্র, এ কী ছন্দ,

           গ্রহ চন্দ্র রবি!’

 

      হেনকালে সভায় কে গো

           হঠাৎ বলি উঠে,

      ‘জ্যোতির মালায় একটি তারা

           কোথায় গেছে টুটে!’

ছিঁড়ে গেল বীণার তন্ত্রী,

           থেমে গেল গান,

      হারা তারা কোথায় গেল

           পড়িল সন্ধান।

      সবাই বলে, ‘সেই তারাতেই

           স্বর্গ হতে আলো–

      সেই তারাটাই সবার বড়ো,

           সবার চেয়ে ভালো।’

 

      সেদিন হতে জগৎ আছে

           সেই তারাটির খোঁজে–

      তৃপ্তি নাহি দিনে, রাত্রে

           চক্ষু নাহি বোজে।

      সবাই বলে, ‘সকল চেয়ে

           তারেই পাওয়া চাই।’

      সবাই বলে, ‘সে গিয়েছে

           ভুবন কানা তাই!’

      শুধু গভীর রাত্রিবেলায়

           স্তব্ধ তারার দলে–

      ‘মিথ্যা খোঁজা, সবাই আছে’

           নীরব হেসে বলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

অথৈজল

বাড়িতে কেউ নেই। ডিসপেনসারির কাজ সেরে এইমাত্র বাজার থেকে ফিরে এসেছি।পাড়ার সনাতন চক্কত্তি বাইরের বৈঠকখানায়…

1 hour ago

অনশ্বর

রামলালের চাকরিটা গেল।এমন কিছু নয়, সামান্য ত্রিশ টাকা মাইনের গ্রাম্য বালিকা বিদ্যালয়ের হেড পণ্ডিতের পদ।…

2 hours ago

অনুবর্তন

ওয়েলেসলি স্ট্রীটের আর পিটার লেনের মোড়ে ক্লার্কওয়েল সাহেবের স্কুল-বাড়িটা বেশ সরগরম হইয়া উঠিয়াছে। বেলা দশটা।…

2 hours ago

💄 মেকআপ নিয়ে মজার বাংলা জোকস

১.বন্ধু: তুই এত মেকআপ করিস কেন?মেয়ে: আত্মবিশ্বাস বাড়ানোর জন্য।বন্ধু: তা আত্মবিশ্বাস বাড়ল?মেয়ে: হ্যাঁ, এখন Face…

4 days ago

⚽ খেলার জোকস

১. ফুটবল প্রেমমা: সারাদিন শুধু ফুটবল খেলিস কেন?ছেলে: মা, আমি দেশের নাম উজ্জ্বল করব।মা: আগে…

4 days ago

ফানি জোকস

😄 Joke 1: অনলাইন ক্লাসশিক্ষক: বল তো, পৃথিবী গোল কেন?ছাত্র: স্যার, যদি চৌকো হতো, তাহলে…

4 days ago