কাল রাতে দেখিনু স্বপন–

দেবতা-আশিস-সম                শিয়রে সে বসি মম

         মুখে রাখি করুণনয়ন

কোমল অঙ্গুলি শিরে               বুলাইছে ধীরে ধীরে

         সুধামাখা প্রিয়-পরশন–

         কাল রাতে হেরিনু স্বপন।

 

হেরি সেই মুখপানে                বেদনা ভরিল প্রাণে

         দুই চক্ষু জলে ছলছলি–

বুকভরা অভিমান                  আলোড়িয়া মর্মস্থান

         কণ্ঠে যেন উঠিল উছলি।

সে শুধু আকুল চোখে           নীরবে গভীর শোকে

         শুধাইল, “কী হয়েছে তোর?”

কী বলিতে গিয়ে প্রাণ             ফেটে হল শতখান,

         তখনি ভাঙিল ঘুমঘোর।

 

অন্ধকার নিশীথিনী                 ঘুমাইছে একাকিনী,

         অরণ্যে উঠিছে ঝিল্লিস্বর,

বাতায়নে ধ্রুবতারা                 চেয়ে আছে নিদ্রাহারা–

         নতনেত্রে গণিছে প্রহর।

দীপ-নির্বাপিত ঘরে               শুয়ে শূন্য শয্যা-‘পরে

         ভাবিতে লাগিনু কতক্ষণ–

শিথানে মাথাটি থুয়ে               সেও একা শুয়ে শুয়ে

         কী জানি কী হেরিছে স্বপন

         দ্বিপ্রহরা যামিনী যখন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago