ভক্তমাল

 

নদীতীরে বৃন্দাবনে                সনাতন একমনে

                   জপিছেন নাম,

হেনকালে দীনবেশে               ব্রাহ্মণ চরণে এসে

                   করিল প্রণাম।

শুধালেন সনাতন,                  “কোথা হতে আগমন,

                   কী নাম ঠাকুর?’

বিপ্র কহে, “কিবা কব,              পেয়েছি দর্শন তব

                   ভ্রমি বহুদূর।

জীবন আমার নাম,                মানকরে মোর ধাম,

                   জিলা বর্ধমানে–

এতবড়ো ভাগ্যহত                দীনহীন মোর মতো

                   নাই কোনোখানে।

জমিজমা আছে কিছু,            করে আছি মাথা নিচু,

                   অল্পস্বল্প পাই।

ক্রিয়াকর্ম-যজ্ঞযাগে                বহু খ্যাতি ছিল আগে,

                   আজ কিছু নাই।

আপন উন্নতি লাগি                শিব-কাছে বর মাগি

                   করি আরাধনা।

একদিন নিশিভোরে               স্বপ্নে দেব কন মোরে–

                   পুরিবে প্রার্থনা!

যাও যমুনার তীর,                 সনাতন গোস্বামীর

                   ধরো দুটি পায়!

তাঁরে পিতা বলি মেনো,           তাঁরি হাতে আছে জেনো

                   ধনের উপায়।’

 

শুনি কথা সনাতন                  ভাবিয়া আকুল হন–

                   “কী আছে আমার!

যাহা ছিল সে সকলি              ফেলিয়া এসেছি চলি–

                   ভিক্ষামাত্র সার।’

সহসা বিস্মৃতি ছুটে,              সাধু ফুকারিয়া উঠে,

                   “ঠিক বটে ঠিক।

একদিন নদীতটে                  কুড়ায়ে পেয়েছি বটে

                   পরশমানিক।

যদি কভু লাগে দানে              সেই ভেবে ওইখানে

                   পুঁতেছি বালুতে–

নিয়ে যাও হে ঠাকুর,              দুঃখ তব হবে দূর

                   ছুঁতে নাহি ছুঁতে।’

 

বিপ্র তাড়াতাড়ি আসি             খুঁড়িয়া বালুকারাশি

                   পাইল সে মণি,

লোহার মাদুলি দুটি               সোনা হয়ে উঠে ফুটি,

                   ছুঁইল যেমনি।

ব্রাহ্মণ বালুর ‘পরে                 বিস্ময়ে বসিয়া পড়ে–

                   ভাবে নিজে নিজে।

যমুনা কল্লোলগানে                চিন্তিতের কানে কানে

                   কহে কত কী যে!

নদীপারে রক্তছবি                  দিনান্তের ক্লান্ত রবি

                   গেল অস্তাচলে–

তখন ব্রাহ্মণ উঠে                  সাধুর চরণে লুটে

                   কহে অশ্রুজলে,

“যে ধনে হইয়া ধনী                মণিরে মান না মণি

                   তাহারি খানিক

মাগি আমি নতশিরে।’             এত বলি নদীনীরে

                   ফেলিল মানিক।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago