শঙ্খনাদ করি মশা সিংহে আক্রমিল;
           ভব-তলে যত নর,
           ত্রিদিবে যত অমর,
           আর যত চরাচর,
হেরিতে অদ্ভুত যুদ্ধ দৌড়িয়া আইল।
হুল-রূপ শূলে বীর, সিংহেরে বিঁধিল।
            অধীর ব্যথায় হরি,
            উচ্চ-পুচ্ছে ক্রোধ করি,
            কহিলা;—“কে তুই, কেন
            বৈরিভাব তোর হেন?
        গুপ্তভাবে কি জন্য লড়াই?—
সম্মুখ-সমর কর্‌; তাই অামি চাই।
          দেখিব বীরত্ব কত দূর,
          আঘাতে করিব দর্প-চূর;
          লক্ষ্মণের মুখে কালি
          ইন্দ্রজিতে জয়-ডালি,
          দিয়াছে এ দেশে কবি।”
কহে মশা;—“ভীরু, মহাপাপি,
যদি বল থাকে, বিষম-প্রতাপি,
          অন্যায়-ন্যায়-ভাবে,
ক্ষুধায় যা পায়, খাবে;
          ধিক্‌, দুষ্টমতি!
মারি তোরে বন-জীবে দিব, রে, কু-মতি।”
     হইল বিষম রণ, তুলনা না মিলে;
          ভীম দুর্য্যোধনে,
          ঘোর গদা-রণে,
          হ্রদ দ্বৈপায়নে,
তীরস্থ সে রণ-ছায়া পড়িল সলিলে;
ডরাইয়া জল-জীবী জল-জন্তুচয়ে,
    সভয়ে মনেতে ভাবিল,
প্রলয়ে বুঝি এ বীরেন্দ্র-দ্বয় এ সৃষ্টি নাশিল!
          মেঘনাদ মেঘের পিছনে,
          অদৃশ্য অাঘাতে যথা রণে;
          কেহ তারে মারিতে না পায়,
ভয়ঙ্কর স্বপ্নসম অাসে,—এসে যায়,
জর-জরি শ্রীরামের কটক লঙ্কায়।
          কভু নাকে, কভু কাণে,
          ত্রিশূল-সদৃশ হানে
          হুল, মশা বীর।
          না হেরি অরিরে হরি,
          মুহুর্মুহুঃ নাদ করি,
          হইলা অধীর।
হায়! ক্রোধে হৃদয় ফাটিল;—
গত-জীব মৃগরাজ ভূতলে পড়িল!
ক্ষুদ্র শত্রু ভাবি লোক অবহেলে যারে,
বহুবিধ সঙ্কটে সে ফেলাইতে পারে;—
এই উপদেশ কবি দিলা অলঙ্কারে।

-মাইকেল মধুসূদন দত্ত

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago