প্রথম তোমাকে দেখেছি তোমার

     বোনের বিয়ের বাসরে

          নিমন্ত্রণের আসরে।

সেদিন তখনো দেখেও তোমাকে দেখি নি,

     তুমি যেন ছিলে সূক্ষ্মরেখিণী

          ছবির মতো–

পেন্সিলে-আঁকা ঝাপসা ধোঁয়াটে লাইনে

     চেহারার ঠিক ভিতর দিকের

          সন্ধানটুকু পাই নে।

     নিজের মনের রঙ মেলাবার বাটিতে

          চাঁপালি খড়ির মাটিতে

      গোলাপি খড়ির রঙ হয় নি যে গোলা,

সোনালি রঙের মোড়ক হয় নি খোলা।

দিনে দিনে শেষে সময় এসেছে আগিয়ে,

     তোমার ছবিতে আমারি মনের

          রঙ যে দিয়েছি লাগিয়ে।

বিধাতা তোমাকে সৃষ্টি করতে এসে

          আনমনা হয়ে শেষে

               কেবল তোমার ছায়া

     রচে দিয়ে, ভুলে ফেলে গিয়েছেন–

          শুরু করেন নি কায়া।

     যদি শেষ করে দিতেন, হয়তো

          হত সে তিলোত্তমা,

               একেবারে নিরুপমা।

     যত রাজ্যের যত কবি তাকে

          ছন্দের ঘের দিয়ে

     আপন বুলিটি শিখিয়ে করত

          কাব্যের পোষা টিয়ে।

আমার মনের স্বপ্নে তোমাকে

          যেমনি দিয়েছি দেহ

     অমনি তখন নাগাল পায় না

সাহিত্যিকেরা কেহ।

     আমার দৃষ্টি তোমার সৃষ্টি

          হয়ে গেল একাকার।

মাঝখান থেকে বিশ্বপতির ঘুচে গেল অধিকার।

     তুমি যে কেমন আমিই কেবল জানি,

          কোনো সাধারণ বাণী

               লাগে না কোনোই কাজে।

     কেবল তোমার নাম ধ’রে মাঝে-মাঝে

          অসময়ে দিই ডাক,

     কোনো প্রয়োজন থাক্‌ বা নাই-বা থাক্‌।

        অমনি তখনি কাঠিতে-জড়ানো উলে

হাত কেঁপে গিয়ে গুন্‌তিতে যাও ভুলে।

কোনো কথা আর নাই কোনো অভিধানে

     যার এত বড়ো মানে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago