ওগো শ্যামলী,

            আজ শ্রাবণে তোমার কালো কাজল চাহনি

                 চুপ করে থাকা বাঙালি মেয়েটির

            ভিজে চোখের পাতায় মনের কথাটির মতো।

      তোমার মাটি আজ সবুজ ভাষায় ছড়া কাটে ঘাসে ঘাসে

                  আকাশের বাদল-ভাষার জবাবে।

        ঘন হয়ে উঠল তোমার জামের বন পাতার মেঘে,

              বলছে তারা উড়ে-চলা মেঘগুলোকে হাত তুলে,

                          “থামো, থামো —

                    থামো তোমার পুব বাতাসের সওয়ারি।”

     পথের ধারে গাছতলাতে তোমার বাসা, শ্যামলী,

            তুমি দেবতাপাড়ায় বেদের মেয়ে,

     বাসা ভাঙ বারে বারে, খালি হাতে বেরিয়ে পড় পথে,

          এক নিমেষে তুমি নিঃশেষে গরিব, তুমি নির্ভাবনা।

            তোমাকে যে ভালোবেসেছে

                 গাঁঠছড়ার বাঁধন দাও না তাকে;

            বাসর-ঘরের দরজা যখন খোলে রাতের শেষে

                তখন আর কোনোদিন চায় না সে পিছন ফিরে।

      মুখোমুখি বসব বলে বেঁধেছিলেম মাটির বাসা

                 তোমার কাঁচা-বেড়া-দেওয়া আঙিনাতে।

                     সেদিন গান গাইল পাখিরা,

                          তাদের নেই অচল খাঁচা;

                 তারা নীড় যেমন বাঁধে তেমনি আবার ভাঙে।

      বসন্তে এ পারে তাদের পালা, শীতের দিনে ও পারের অরণ্যে।

    সেদিন সকালে

   হাওয়ার তালে হাততালি দিলে গাছের পাতা।

         আজ তাদের নাচ বনে বনে,

                 কাল তাদের ধুলোয় লুটিয়ে-পড়া–

         তা নিয়ে নেই বিলাপ, নেই নালিশ।

      বসন্ত-রাজদরবারের নকিব ওরা;

এ বেলায় ওদের কাজ, জবাব মেলে ও বেলায়।

এই ক’টা দিন তোমায় আমায় কথা হল কানে কানে;

আজ কানে কানে বলছ আমায়,

         “আর নয়, এবার তোলো বাসা।”

            আমি পাকা করে গাঁথি নি ভিত,

আমার মিনতি ফাঁদি নি পাথর দিয়ে তোমার দরজায়;

বাসা বেঁধেছি আলগা মাটিতে–

      যে চলতি মাটি নদীর জলে এসেছিল ভেসে,

            যে মাটি পড়বে গলে শ্রাবণধারায়।

            যাব আমি।

      তোমার ব্যথাবিহীন বিদায়দিনে

আমার ভাঙা ভিটের ‘পরে গাইবে দোয়েল লেজ দুলিয়ে

      এক শাহানাই বাজে তোমার বাঁশিতে, ওগো শ্যামলী,

                    যেদিন আসি আবার যেদিন যাই চলে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago