পাখি বলে “আমি চলিলাম’,

          ফুল বলে “আমি ফুটিব না’,

মলয় কহিয়া গেল শুধু

          “বনে বনে আমি ছুটিব না’।

কিশলয় মাথাটি না তুলে

          মরিয়া পড়িয়া গেল ঝরি,

সায়াহ্ন ধুমলঘন বাস

          টানি দিল মুখের উপরি।

পাখি কেন গেল গো চলিয়া,

          কেন ফুল কেন সে ফুটে না।

চপল মলয় সমীরণ

          বনে বনে কেন সে ছুটে না।

শীতের হৃদয় গেছে চলে,

          অসাড় হয়েছে তার মন,

ত্রিবলিবলিত তার ভাল

          কঠোর জ্ঞানের নিকেতন।

জ্যোৎস্নার যৌবন-ভরা রূপ,

          ফুলের যৌবন পরিমল,

মলয়ের বাল্যখেলা যত,

          পল্লবের বাল্য-কোলাহল–

সকলি সে মনে করে পাপ,

         মনে করে প্রকৃতির ভ্রম,

ছবির মতন বসে থাকা

         সেই জানে জ্ঞানীর ধরম।

তাই পাখি বলে “চলিলাম’,

         ফুল বলে “আমি ফুটিব না’।

মলয় কহিয়া গেল শুধু

         “বনে বনে আমি ছুটিব না’।

আশা বলে “বসন্ত আসিবে’,

         ফুল বলে “আমিও আসিব’,

পাখি বলে “আমিও গাহিব’,

         চাঁদ বলে “আমিও হাসিব’।

বসন্তের নবীন হৃদয়

         নূতন উঠেছে আঁখি মেলে–

যাহা দেখে তাই দেখে হাসে,

         যাহা পায় তাই নিয়ে খেলে।

মনে তার শত আশা জাগে,

         কী যে চায় আপনি না বুঝে–

প্রাণ তার দশ দিকে ধায়

         প্রাণের মানুষ খুঁজে খুঁজে।

ফুল ফুটে, তারো মুখ ফুটে–

         পাখি গায়, সেও গান গায়–

বাতাস বুকের কাছে এলে

         গলা ধ’রে দুজনে খেলায়।

তাই শুনি “বসন্ত আসিবে’

         ফুল বলে “আমিও আসিব’,

পাখি বলে “আমিও গাহিব’,

         চাঁদ বলে “আমিও হাসিব’।

শীত, তুমি হেথা কেন এলে।

            উত্তরে তোমার দেশ আছে–

পাখি সেথা নাহি গাহে গান,

            ফুল সেথা নাহি ফুটে গাছে।

সকলি তুষারমরুময়,

            সকলিআঁধার জনহীন–

সেথায় একেলা বসি বসি

            জ্ঞানী গো, কাটায়ো তব দিন।

– রবীন্দ্রনাথ ঠাকুর

 

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago