কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               কুঞ্জকাননে সুখে

   ফেনিলোচ্ছল যৌবনসুরা

               ধরেছি তোমার মুখে।

   তুমি    চেয়ে মোর আঁখি-‘পরে

   ধীরে    পাত্র লয়েছ করে,

   হেসে    করিয়াছ পান চুম্বনভরা

               সরস বিম্বাধরে,

কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               মধুর আবেশভরে।

      তব    অবগুণ্ঠনখানি

   আমি    খুলে ফেলেছিনু টানি,

আমি    কেড়ে রেখেছিনু বক্ষে তোমার

               কমলকোমল পাণি–

ভাবে    নিমীলিত তব যুগল নয়ন,

               মুখে নাহি ছিল বাণী।

   আমি    শিথিল করিয়া পাশ

   খুলে    দিয়েছিনু কেশরাশ,

   তব       আনমিত মুখখানি

   সুখে    থুয়েছিনু বুকে আনি–

তুমি    সকল সোহাগ সয়েছিলে, সখী,

               হাসিমুকুলিত মুখে

কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               নবীনমিলনসুখে।

 

আজি    নির্মলবায় শান্ত উষায়

               নির্জন নদীতীরে

   স্নান-অবসানে শুভ্রবসনা

               চলিয়াছ ধীরে ধীরে।

   তুমি    বাম করে লয়ে সাজি

   কত    তুলিছ পুষ্পরাজি,

দূরে    দেবালয়তলে উষার রাগিণী

               বাঁশিতে উঠিছে বাজি

এই    নির্মলবায় শান্ত উষায়

               জাহ্নবীতীরে আজি।

   দেবী,    তব সিঁথিমূলে লেখা

   নব       অরুণসিঁদুররেখা,

তব    বাম বাহু বেড়ি শঙ্খবলয়

               তরুণ ইন্দুলেখা।

এ কী    মঙ্গলময়ী মুরতি বিকাশি

               প্রভাতে দিয়েছ দেখা।

   রাতে    প্রেয়সীর রূপ ধরি

   তুমি    এসেছ প্রাণেশ্বরী,

   প্রাতে    কখন দেবীর বেশে

   তুমি    সমুখে উদিলে হেসে–

আমি    সম্ভ্রমভরে রয়েছি দাঁড়ায়ে

               দূরে অবনতশিরে

আজি    নির্মলবায় শান্ত উষায়

               নির্জন নদীতীরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago