বাজিরাও পেশোয়ার অভিষেক হবে

                       কাল সকালে।

     কীর্তনী এসেছে  গ্রামের থেকে,

           মন্দিরে ছিল না তার স্থান।

    সে বসেছে অঙ্গনের এক কোণে

           পিপুল গাছের তলায়।

একতারা বাজায় আর কেবল সে ফিরে ফিরে বলে,

    “ঠাকুর, তোমায় কে বসালো

           কঠিন সোনার সিংহাসনে।’

    রাত তখন দুই প্রহর,

           শুক্লপক্ষের চাঁদ গেছে অস্তে।

        দূরে রাজবাড়ির তোরণে

           বাজছে শাঁখ শিঙে জগঝম্প,

               জ্বলছে প্রদীপের মালা।

 

কীর্তনী গাইছে,

        “তমালকুঞ্জে বনের পথে

           শ্যামল ঘাসের কান্না এলেম শুনে,

    ধুলোয় তারা ছিল যে কান পেতে,

           পায়ের চিহ্ন বুকে পড়বে আঁকা

                       এই ছিল প্রত্যাশা।’

 

    আরতি হয়ে গেছে সারা–

           মন্দিরের দ্বার তখন বন্ধ,

        ভিড়ের লোক গেছে রাজবাড়িতে।

               কীর্তনী আপন মনে গাইছে–

           “প্রাণের ঠাকুর,

এরা কি পাথর গেঁথে তোমায় রাখবে বেঁধে।

        তুমি যে স্বর্গ ছেড়ে নামলে ধুলোয়

           তোমার পরশ আমার পরশ

               মিলবে ব’লে।’

 

        সেই পিপুল-তলার অন্ধকারে

একা একা গাইছিল কীর্তনী,

        আর শুনছিল আরেকজনা গোপনে–

           বাজিরাও পেশোয়া।

শুনুছিল সে–

“তুমি আমায় ডাক দিয়েছ আগল-দেওয়া ঘরের থেকে,

    আমায় নিয়ে পথের পথিক হবে।

        ঘুচবে তোমার নির্বাসনের ব্যথা,

           ছাড়া পাবে হৃদয়-মাঝে।

    থাক্‌ গে ওরা পাথরখানা নিয়ে

           পাথরের বন্দীশালায়

        অহংকারের-কাঁটার-বেড়া-ঘেরা।’

 

রাত্রি প্রভাত হল।

শুকতারা অরুণ-আলোয় উদাসী।

    তোরণদ্বারে বাজল বাঁশি বিভাসে ললিতে।

           অভিষেকের স্নান হবে,

    পুরোহিত এল তীর্থবারি নিয়ে।

 

    রাজবাড়ির ঠাকুরঘর শূন্য।

        জ্বলছে দীপশিখা,

    পূজার উপচার পড়ে আছে–

        বাজিরাও পেশোয়া গেছে চলে

           পথের পথিক হয়ে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago