তোমার সৌন্দর্য নারি, অতীতের দানের মতন। মধ্যসাগরের কালো তরঙ্গের থেকে ধর্মাশোকের স্পষ্ট আহ্বানের মতো আমাদের নিয়ে যায় ডেকে শান্তির সঙ্ঘের দিকে — ধর্মে — নির্বাণে, তোমার মুখের স্নিগ্ধ প্রতিভার পানে। অনেক সমুদ্র ঘুরে ক্ষয়ে অন্ধকারে, দেখেছি মণিকা-আলো হাতে নিয়ে তুমি সময়ের শতকের মৃত্যু হলে তবু দাঁড়িয়ে রয়েছে শ্রেয়তর বেলাভূমি: যা হয়েছে যা হতেছে এখুনি যা হবে তার স্নিগ্ধ মানতীসৌরভে। মানুষের সভ্যতার মর্মে ক্লান্তি আসে; বড় বড় নগরীর বুকভরা ব্যথা; ক্রমেই হারিয়ে ফেলে তারা সব সঙ্কল্প-স্বপ্নের উদ্যমের অমূল্য স্পষ্টতা। তবুও নদীর মানে স্নিগ্ধ শুশ্রূষার জল,সূর্য মানে আলো; এখনো নারী মানে তুমি, কত রাধিকা ফুরালো।