যেমন  ছাঁচি পানের কচি পাতা প্রজাপতির ডানার ছোঁয়ায়,
      ঠোঁট দুটি তার কাঁপন-আকুল একটি চুমায় অমনি নোয়ায়।
  
      জল-ছলছল উড়ু-উড়ু চঞ্চল তার আঁখির তারা,
      কখন বুঝি দেবে ফাঁকি সুদূর পথিক-পাখির পারা,
            নিবিড় নয়ন-পাতার কোলে,
            গভীর ব্যথার ছায়া দোলে,  
      মলিন চাওয়া (ছাওয়া) যেন দূরের সে কোন্ সবুজ ধোঁয়ায়।
    
      সিঁথির বীথির খসে-পড়া কপোল-ছাওয়া চপল অলক
      পলক-হারা, সে মুখ চেয়ে নাচ ভুলেছে নাকের নোলক।  
            পাংশু তাহার চূর্ণ কেশে,  
            মুখ মুছে যায় সন্ধে এসে,  
      বিধুর অধর-সীধু যেন নিঙড়ে কাঁচা আঙুর চোয়ায়।
    
      দিঘল শ্বাসের বাউল বাজে নাসার সে তার জোড়-বাঁশিতে,
      পান্না-ক্ষরা কান্না যেন ঠোঁট-চাপা তার চোর হাসি সে।  
            ম্লান তার লাল গালের লালিম,  
            রোদ-পাকা আধ-ডাঁশা ডালিম,  
      গাগরি ব্যথার ডুবায় কে তার টোল খাওয়া গাল-চিবুক-কুয়ায়।
  
      চায় যেন সে শরম-শাড়ির ঘোমটা চিরি পাতা ফুঁড়ি,  
      আধফোঁটা বউ মউল-বউল, বোলতা-ব্যাকুল বকুল কুঁড়ি  
            বোল-ভোলা তার কাঁকন চুড়ি  
            ক্ষীরের ভিতর হিরের ছুরি,  
      দু-চোখ-ভরা অশ্রু যেন পাকা পিয়াল শালের ঠোঙায়।
  
      বুকের কাঁপন হুতাশ-ভরা, বাহুর বাঁধন কাঁদন-মাখা,  
      নিচোল বুকের কাঁচল আঁচল স্বপন-পারের পরির পাখা।  
            খেয়াপারের ভেসে-আসা  
            গীতির মতো পায়ের ভাষা,  
      চরণ-চুমায় শিউরে পুলক হিমভেজা দুধ-ঘাসের রোঁয়ায়।
    
      সে যেন কোন্ দূরের মেয়ে আমার কবিমানস-বধূ;
      বুকপোরা আর মুখভার তার পিছলে পড়ে ব্যথার মধু।  
            নিশীথ-রাতের স্বপন হেন,  
            পেয়েও তারে পাইনে যেন,  
      মিলন মোদের স্বপন-কূলে কাঁদনভরা চুমায় চুমায়।  
      নামহারা সেই আমার প্রিয়া, তারেই চেয়ে জনম গোঁয়ায়।

-কাজী নজরুল ইসলাম

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

সীতারাম

সীতারামপ্রথম খণ্ডদিবা-গৃহিণীপ্রথম পরিচ্ছেদপূর্বকালে, পূর্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার “ভূষ্য‍ণো |” যখন কলিকাতা…

6 hours ago

দেবী চৌধুরাণী

দেবী চৌধুরাণী – ১ম খণ্ডপ্রথম খণ্ডপ্রথম পরিচ্ছেদ“ও পি–ও পিপি–ও প্রফুল্ল–ও পোড়ারমুখী ।”“যাই মা ।”মা ডাকিল–মেয়ে…

6 hours ago

আনন্দমঠ

আনন্দমঠ – ১ম খণ্ডপ্রথম পরিচ্ছেদ১১৭৬ সালে গ্রীষ্মকালে এক দিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল।…

6 hours ago

রাজসিংহ

প্রথম খণ্ডচিত্রে চরণপ্রথম পরিচ্ছেদ : তসবিরওয়ালীরাজস্থানের পার্‍বত্যপ্রদেশে রূপনগর নামে একটি ক্ষুদ্র রাজ্য ছিল। রাজ্য ক্ষুদ্র…

6 days ago

কৃষ্ণকান্তের উইল

প্রথম পরিচ্ছেদহরিদ্রাগ্রামে এক ঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড়…

6 days ago

রজনী

রজনীপ্রথম খণ্ডরজনীর কথাপ্রথম পরিচ্ছেদতোমাদের সুখদু:খে আমার সুখদু:খ পরিমিত হইতে পারে না। তোমরা আর আমি ভিন্নপ্রকৃতি।…

6 days ago