মেঘের মধ্যে মা গো, যারা থাকে

    তারা আমায় ডাকে, আমায় ডাকে।

    বলে, “আমরা কেবল করি খেলা,

    সকাল থেকে দুপুর সন্ধেবেলা।

সোনার খেলা খেলি আমরা ভোরে,

রুপোর খেলা খেলি চাঁদকে-ধরে।’

আমি বলি, “যাব কেমন করে।’

       তারা বলে, “এসো মাঠের শেষে।

সেইখানেতে দাঁড়াবে হাত তুলে,

         আমরা তোমায় নেব মেঘের দেশে।’

আমি বলি, “মা যে আমার ঘরে

বসে আছে চেয়ে আমার তরে,

তারে ছেড়ে থাকব কেমন করে।’

         শুনে তারা হেসে যায় মা, ভেসে।

    তার চেয়ে মা আমি হব মেঘ;

         তুমি যেন হবে আমার চাঁদ–

    দু হাত দিয়ে ফেলব তোমায় ঢেকে,

         আকাশ হবে এই আমাদের ছাদ।

    ঢেউয়ের মধ্যে মা গো যারা থাকে,

    তারা আমায় ডাকে, আমায় ডাকে।

    বলে, “আমরা কেবল করি গান

    সকাল থেকে সকল দিনমান।’

তারা বলে, “কোন্‌ দেশে যে ভাই,

আমরা চলি ঠিকানা তার নাই।’

আমি বলি, “কেমন করে যাই।’

         তারা বলে, “এসো ঘাটের শেষে।

সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে,

         আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে।’

আমি বলি, “মা যে চেয়ে থাকে,

সন্ধে হলে নাম ধরে মোর ডাকে,

কেমন ক’রে ছেড়ে থাকব তাকে।’

         শুনে তারা হেসে যায় মা, ভেসে।

    তার চেয়ে মা, আমি হব ঢেউ,

       তুমি হবে অনেক দূরের দেশ।

    লুটিয়ে আমি পড়ব তোমার কোলে,

         কেউ আমাদের পাবে না উদ্দেশ।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago