অনেক সংকল্প আশা নিভে মুছে গেল; হয়তো এমনই শুরু হবে। আজকের অবস্থান ফুরিয়ে যাবে কি নতুন ব্যাপ্তির অনুভবে। মানুষ এ পৃথিবীতে ঢের দিন আছে; সময়ের পথে ছায়া লীন হয়নি এখনও তার, তবুও সে মরুর ভিতরে একটি বৃক্ষের মত যেন যুক্তিহীন;
সফলতা অন্বেষণ ক’রে হারিয়ে ফেলেছে প্রাণ, নিকেতন, জল; প্রেম নেই, শূন্যলোকে সত্য-লাভ তার অর্ধসত্য অসত্যের মতন নিস্ফল। ভুলের ভিতর থেকে ভুলে গ্লানির ভিতর থেকে গ্লানির ভিতরে মানুষ যে গ্রহণের সূর্যে চলেছে তা; তবে শাশ্বত গ্রহণ সৃষ্টি করে!