কাকা বলেন, সময় হলে

          সবাই চলে

          যায় কোথা সেই স্বর্গ-পারে।

বল্‌ তো কাকী

          সত্যি তা কি

                   একেবারে?

তিনি বলেন, যাবার আগে

                   তন্দ্রা লাগে

          ঘণ্টা কখন ওঠে বাজি,

দ্বারের পাশে

          তখন আসে

                   ঘাটের মাঝি।

বাবা গেছেন এমনি করে

                   কখন ভোরে

          তখন আমি বিছানাতে।

তেমনি মাখন

          গেল কখন

                   অনেক রাতে।

কিন্তু আমি বলছি তোমায়

                    সকল সময়

          তোমার কাছেই করব খেলা,

রইব জোরে

          গলা ধরে

                   রাতের বেলা।

সময় হলে মানব না তো,

                   জানব না তো,

          ঘণ্টা মাঝির বাজল কবে।

তাই কি রাজা

          দেবেন সাজা

                   আমায় তবে?

তোমরা বল, স্বর্গ ভালো

                   সেথায় আলো

          রঙে রঙে আকাশ রাঙায়,

সারা বেলা

          ফুলের খেলা

                   পারুলডাঙায়!

হ’ক না ভালো যত ইচ্ছে–

                    কেড়ে নিচ্ছে

          কেই বা তাকে বলো, কাকী?

যেমন আছি

          তোমার কাছেই

                   তেমনি থাকি!

ঐ আমাদের গোলাবাড়ি,

                   গোরুর গাড়ি

          পড়ে আছে চাকা-ভাঙা,

গাবের ডালে

          পাতার লালে

                   আকাশ রাঙা।

সেথা বেড়ায় যক্ষী বুড়ী

                   গুড়ি গুড়ি

          আসশেওড়ার ঝোপে ঝাপে

ফুলের গাছে

          দোয়েল নাচে,

                   ছায়া কাঁপে।

নুকিয়ে আমি সেথা পলাই,

                   কানাই বলাই

          দু-ভাই আসে পাড়ার থেকে।

ভাঙা পাড়ি

          দোলাই নাড়ি

                   ঝেঁকে ঝেঁকে।

সন্ধ্যেবেলায় গল্প বলে

                   রাখ কোলে,

          মিটমিটিয়ে জ্বলে বাতি।

চালতা-শাখে

          পেঁচা ডাকে,

                   বাড়ে রাতি।

স্বর্গে যাওয়া দেব ফাঁকি

                   বলছি, কাকী,

          দেখব আমায় কে কী করে।

চিরকালই

          রইব খালি

                   তোমার ঘরে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

artpoet

Share
Published by
artpoet

Recent Posts

পথিকের বন্ধু

মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায় যায়।কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে…

1 week ago

নুটি মন্তর

হাবু— নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি।পায়রাগাছির গুণিন রোজা (ওঝা) এ অঞ্চলে প্রসিদ্ধ, সে নাকি…

1 week ago

তিরোলের বালা

মার্টিন কোম্পানির ছোটো লাইন।গাড়ি ছাড়বার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে, এখনও ছাড়বার ঘণ্টা পড়েনি। এ নিয়ে…

1 week ago

তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প

তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার…

1 week ago

তারানাথ তান্ত্রিকের গল্প

সন্ধ্যা হইবার দেরি নাই। রাস্তায় পুরোনো বইয়ের দোকানে বই দেখিয়া বেড়াইতেছি, এমন সময়ে আমার এক…

1 week ago

টান

ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ…

4 weeks ago